নরসিংদীতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতের পর স্বামীর আত্মহত্যা
নরসিংদীতে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে ছুরিকাঘাতের পর আকতার হোসেন (৩৮) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের ব্রাহ্মণপাড়া এলাকার একটি পাঁচতলা বাড়ির চতুর্থতলার ফ্ল্যাট থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ওই ব্যক্তির লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর আহত স্ত্রীকে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
ওই ব্যক্তির নাম আকতার হোসেন। তিনি সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের টাওয়াদী এলাকার মলিল মিয়ার ছেলে। ছুরিকাঘাতে আহত হয়েছেন তাঁর দ্বিতীয় স্ত্রী মাহমুদা বেগম ওরফে বৃষ্টি (৩২)। মাহমুদারও এটি দ্বিতীয় বিয়ে, প্রথম পক্ষের এক মেয়ে ও এক ছেলেকে নিয়ে আকতার হোসেনের সঙ্গে ব্রাহ্মণপাড়া এলাকায় থাকতেন। অন্যদিকে নিহত আকতারের প্রথম স্ত্রী সুমি আক্তার এক ছেলে ও এক মেয়েকে নিয়ে টাওয়াদী এলাকার পৈতৃক বাড়িতে থাকতেন।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আকতার হোসেন ও মাহমুদা বেগম দম্পতির মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকত। আজ সকালে বাজার থেকে মুরগি কিনে বাসায় ফেরেন আকতার হোসেন। বেলা সাড়ে ১১টার দিকে ঘরেই থাকা একটি ছুরি নিয়ে মুরগি জবাই করতে যান তিনি। এ সময় তাঁদের মধ্যে পারিবারিক কলহ লেগে যায়। একপর্যায়ে উত্তেজিত অবস্থায় হাতে থাকা মুরগি জবাই করার ছুরি দিয়ে মাহমুদার গালে আঘাত করে বসেন আকতার। রক্তক্ষরণ শুরু হলে আঘাতপ্রাপ্ত স্থান চেপে ধরে মেয়ের সঙ্গে নরসিংদী সদর হাসপাতালে যান মাহমুদা। সেখানে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর হাসপাতালটির কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রওনা হন তাঁরা।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মাহমুদা হাসপাতালে যাওয়ার পরপরই তাঁর মৃত্যুর গুজব জানতে পারেন আকতার হোসেন। এরপরই ঘরের সিলিং ফ্যানের সঙ্গে দড়ি বেঁধে তাতে ঝুলে পড়েন। পরে প্রতিবেশীরা ঘরের জানালা দিয়ে তাঁকে ঝুলতে দেখে পুলিশকে খবর দেন। নরসিংদী মডেল থানার উপপরিদর্শক শাহীন চৌধুরী দুপুর সাড়ে ১২টার দিকে আকতারের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠান। সেখানেই লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।
আকতার হোসেনের প্রথম স্ত্রী সুমি আক্তার বলেন, সাত বছর আগে আকতার বিয়ে করেছিলেন মাহমুদাকে। দুই বছর ধরে স্ত্রী-সন্তানদের কোনো খোঁজখবরই রাখতেন না আকতার। খেয়ে না খেয়ে কীভাবে বেঁচে আছেন, তা–ও জানার চেষ্টা করেননি। মৃত্যুর খবর পেয়ে স্বামীকে শেষ দেখা দেখতে হাসপাতালে এসেছেন বলে জানান সুমি।
এ বিষয়ে জানতে চাইলে নরসিংদী মডেল থানার উপপরিদর্শক শাহীন চৌধুরী জানান, কী বিষয় নিয়ে ওই দম্পতি পারিবারিক কলহে লিপ্ত হয়েছিলেন, তা জানা যায়নি। নিহত আকতার হোসেনের লাশ বর্তমানে নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা আছে। তাঁর আহত স্ত্রীকে নিয়ে স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।