নরসিংদীর কৃষিজমিতে পাওয়া গেল কৃষকের গলাকাটা লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

নরসিংদীর রায়পুরা উপজেলায় কৃষিজমিতে পড়ে থাকা এক কৃষকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার বেলা দুইটার দিকে উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের নয়াচর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত কৃষকের নাম মো. রায়হান মিয়া (৪৫)। তিনি উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের নয়াচর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। মূলত কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন রায়হান মিয়া।

স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা বলেছেন, গতকাল রোববার রাত ১০টার দিকে বাড়ি থেকে বের হন রায়হান মিয়া। এরপর আর তিনি বাড়িতে ফেরেননি। রাতভর প্রতিবেশীদের বাড়িসহ বিভিন্ন স্থানে তাঁকে খোঁজাখুঁজি করেন পরিবারের সদস্যরা।

পরে আজ বেলা ১১টার দিকে স্থানীয় এক নারী ওই কৃষিজমিতে তাঁর গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা রায়পুরা থানায় বিষয়টি জানান। দুপুর সাড়ে ১২টার দিকে রায়পুরা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে পুলিশের একটি দল এসে তাঁর লাশ উদ্ধার করে।

জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ বলছে, বাড়িসংলগ্ন একটি নির্জন বাগানে নেওয়া হয়েছিল রায়হান মিয়াকে। সেখানে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়। পরে তাঁর লাশ ওই কৃষিজমিতে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ওই বাগানে রক্তের দাগ দেখা গেছে।

নিহত রায়হান মিয়ার মেয়ে মার্জিয়া আক্তার বলেন, তাঁর বাবাকে কেন এবং কারা হত্যা করল, কিছুই বুঝতে পারছেন না। তাঁর কারও সঙ্গে কোনো শত্রুতা ছিল বলে শোনেননি। এই হত্যাকাণ্ডের বিচার চান তিনি।

রায়পুরা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এরই মধ্যে পুলিশি তদন্ত শুরু হয়েছে।