সংসদ সদস্য হতে পারেননি নজরুল ইসলাম, পেলেন বরগুনা জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব

নজরুল ইসলাম মোল্লাছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (সদর-আমতলী-তালতলী) আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য হতে পারেননি বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা। তবে এবার তাঁকে বরগুনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে নজরুল ইসলাম মোল্লাকে এ দায়িত্ব দেওয়া হয়। এ নিয়োগের খবরে বরগুনা পৌর শহরে আনন্দমিছিল করেছেন জেলা বিএনপির নেতা-কর্মীরা।

দলীয় সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম মোল্লা ছাত্রজীবন থেকেই বরগুনা জেলা বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। বর্তমানে তিনি জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্বে আছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে বরগুনা-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন নজরুল ইসলাম মোল্লা। নির্বাচনে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অলি উল্লাহর কাছে স্বল্প ভোটের ব্যবধানে পরাজিত হন। নির্বাচনের প্রায় দুই মাস পর তাঁকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো।

এ খবরে উচ্ছ্বাস প্রকাশ করে বরগুনা জেলা বিএনপির সদস্যসচিব হুমায়ূন হাসান প্রথম আলোকে বলেন, ‘নজরুল ইসলাম মোল্লাকে জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব দেওয়ায় আমরা উচ্ছ্বসিত। কারণ, জাতীয় নির্বাচনে আমরা খুব কম ভোটের ব্যবধানে হেরেছিলাম।’

জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ার পর গতকাল ফেসবুকে এক পোস্টে নজরুল ইসলাম মোল্লা লিখেছেন, ‘বরগুনা-১ আসনের জাতীয় সংসদ নির্বাচনে অল্প কিছু ভোটের ব্যবধানে বিজয়ী হতে না পারলেও আপনাদের আন্তরিকতা, ত্যাগ ও শ্রম আমার জীবনের এক অমূল্য সম্পদ হয়ে থাকবে। আপনাদের ভালোবাসা ও আস্থা আমাকে আগামীর পথে আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।’