একজন যুক্তরাজ্যে, অন্যজন ফ্রান্সে, তবু তাঁরা আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপি

গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক মো. সোহরাব উদ্দিন ব্যক্তিগত কাজে যুক্তরাজ্যের লন্ডনে গেছেন ৫ অক্টোবর। আর গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নূরে আলম ৭ অক্টোবর ব্যক্তিগত সফরে ফ্রান্সে গেছেন। গত সোমবার গাজীপুরে পুলিশের সঙ্গে বিএনপির নেতা–কর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়ের মামলায় দলটির এ দুই নেতাকে আসামি করা হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী সায়্যেদুল আলম তাঁদের বিদেশে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, অনুষ্ঠানটি জেলা বিএনপির থাকায় মহানগরের অনেক নেতাই সেখানে উপস্থিত হননি, কিন্তু পুলিশ হয়রানি করার জন্য তাঁদেরও আসামি করেছে। সোহরাব উদ্দিন ও নূরে আলমকে যথাক্রমে ৬ ও ১২ নম্বর আসামি করা হয়েছে।

জানতে চাইলে গাজীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মহিউদ্দিন গতকাল প্রথম আলোকে বলেন, মামলার আসামিরা সবাই ঘটনাস্থলে ছিলেন এবং গ্রেপ্তার আসামি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতেই তাঁদের আসামি করা হয়েছে।

দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নিহত নেতা-কর্মীদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার গাজীপুরে সভা ও শোকমিছিলের আয়োজন করা হয়েছিল। এ কর্মসূচিতে কেন্দ্র করে পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ওই সংঘর্ষ ঘটে। এতে পুলিশের চার সদস্যসহ ৩৫ জন আহত হন। ওই দিন রাতেই গাজীপুর সদর থানার উপপরিদর্শক আল আমিন বাদী হয়ে জনমনে ভীতি সঞ্চার ও ভাঙচুরের অভিযোগে বিএনপির ৫৪ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত অনেকের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ এ মামলায় গতকাল পর্যন্ত ১৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।

পুলিশ বলছে, সড়ক অবরোধ করে মিছিল করতে নিষেধ করলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা পুলিশের ওপর চড়াও হন।

তবে গাজীপুর জেলা যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম বলেন, ‘র‌্যালি অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যেত। এরই মধ্যে পুলিশ এলোপাতাড়িভাবে লাঠিপেটা, টিয়ার শেল নিক্ষেপ করে।’

ফ্যাসিবাদী সরকার পুলিশ–প্রশাসন দিয়ে এ ধরনের হামলা–মামলা করে বিএনপির কর্মসূচি বন্ধ করতে পারবে না উল্লেখ করে গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান প্রথম আলোকে বলেন, ‘আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।’