‘মেয়েটি ওর বাবাকে দেখতেই পেল না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত গিয়াস উদ্দিনের গ্রামের বাড়িতে তাঁর স্বজনদের আহাজারি। বুধবার দুপুরে কুমিল্লার দেবীদ্বার উপজেলার রাজামেহার গ্রামে
ছবি: প্রথম আলো

‘আমেনা যখন আমার পেটে, তখন ওর বাবা (গিয়াস উদ্দিন) বিদেশ যান। ছোট মেয়ে আমেনা আক্তারের বয়স এখন সাত। এবারের ঈদুল ফিতরে তার বাবার দেশে আসার কথা ছিল, কিন্তু তাঁর আর জীবিত আসা হলো না। ছোট মেয়েটি ওর বাবাকে দেখতেই পেল না। বাবার ঘ্রাণ নিতে পারল না। এই আফসোস আমার সারা জীবন থেকে যাবে।’ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত কুমিল্লার দেবীদ্বার উপজেলার রাজামেহার গ্রামের গিয়াস উদ্দিনের স্ত্রী রাবেয়া বেগম (৩৬) বিলাপ করে এসব কথা বলছিলেন।

ওমরাহ পালনের উদ্দেশ্যে স্থানীয় সময় গত সোমবার বিকেলে পবিত্র নগরী মক্কায় যাওয়ার পথে ইয়েমেন সীমান্তবর্তী আসির প্রদেশের আকাবা শার এলাকায় ৪৭ যাত্রী নিয়ে একটি বাস ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। তাতে ২২ যাত্রীর প্রাণ যায়। এর মধ্যে রয়েছেন আট বাংলাদেশি। তাঁদের একজন গিয়াস উদ্দিন।

আরও পড়ুন

পারিবারিক সূত্রে জানা গেছে, সাত বছর আগে শেষবার দেশে এসেছিলেন গিয়াস উদ্দিন। কথা দিয়েছিলেন ওমরাহ শেষে বাড়ি ফিরবেন। পরিবার পরিজন নিয়ে ঈদ করবেন। কথা অনুযায়ী সব প্রস্তুতিও সম্পন্ন করে রেখেছিলেন, আগামী রোববার তাঁর দেশে ফেরার কথা ছিল। কিন্তু সব শেষ হয়ে গেছে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়।

নিহত গিয়াস উদ্দিন দেবীদ্বার উপজেলার রাজামেহার গ্রামের মীরবাড়ির আবদুল হামিদ মীরের ছেলে। ২০০১ সালে সৌদি আরব গিয়েছিলেন। তাঁর এক ছেলে, দুই মেয়ে রয়েছে। বড় ছেলে আবদুর রহমান মীর (১৬) রাজামেহার উচ্চবিদ্যালয়ে দশম শ্রেণির শিক্ষার্থী। দুই মেয়ে সাদিয়া আক্তার (১৪) ও আমেনা আক্তার (৭)। এর মধ্যে ছোট মেয়ে আমেনা মায়ের গর্ভে থাকতেই তার বাবা প্রবাসে।

আরও পড়ুন

আজ বুধবার দুপুরে গিয়াস উদ্দিনের বাড়িতে গেলে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। রাজামেহার গ্রামে মীরবাড়িতে গিয়ে দেখা যায় মাতম। নিহত গিয়াস উদ্দিনের স্ত্রী রাবেয়া বেগম বিলাপ করে বলছিলেন, ‘আমার স্বামীর মরদেহ দেখতে চাই। আমার স্বামী এবার দেশে এসে সবাইকে নিয়ে ঈদ করবে বলেছিল। সে আশার আর পূরণ হলো না। ২১ বছর বিদেশ করলেও কিছু করতে পারেননি। বিদেশে লুকিয়ে ডিশের লাইনের কাজ করতে হতো। আকামা ছিল না। চার দিন আগে আকামা হয়। আকামা পেয়ে ওমরাহ করতে যাচ্ছিল। এরপর দেশে আসার কথা ছিল তার। ঈদ একসঙ্গে করবে বলছিল।’

একমাত্র ছেলে আবদুর রহমান বাবার লাশ দেশে ফিরে পেতে সরকারের সহযোগিতা চেয়েছে। বড় মেয়ে সাদিয়া আক্তার বলে, ‘বাবার চেহারা আমার স্পষ্ট  মনে নেই। আমি আমার বাবার লাশ ফিরে পেতে চাই।’

গিয়াস উদ্দিনের বাবা আবদুল হামিদ মীর পুত্রশোকে মূর্ছা যাচ্ছিলেন। বুক চাপড়ে চিত্কার করে তিনি বলছিলেন, ‘আমার দুই ছেলে, দুই মেয়ের মধ্যে গত বছর বড় ছেলে জসীম উদ্দিন প্রবাস থেকে ফিরে এসে দুরারোগ্য ক্যানসারে মারা গেল। এবার ছোট ছেলে গিয়াসও সড়ক দুর্ঘটনায় মারা গেল। এতিম নাতি–নাতনিদের কে দেখবে, কে তাদের মানুষ করবে।’

গিয়াস উদ্দিনের শ্বশুর খায়রুল আলম বলেন, ‘আমার দুই মেয়েই অল্প বয়সে বিধবা হলো। বড় মেয়ের জামাই পুলিশে চাকরি করত। আট মাস আগে মারা গেল, আজ মারা গেল ছোট মেয়ের জামাই। আমি কী করব ভেবে পাচ্ছি না।’