বিমান খাতে অগ্রাধিকারের বিষয়গুলো জানালেন মন্ত্রী আফরোজা খানম

মানিকগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। আজ সোমবার বেলা ১১টার দিকেছবি : প্রথম আলো

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, দেশের বিমান খাত ও পরিষেবা আধুনিকায়ন করা হবে। এ জন্য কয়েকটি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ দ্রুত শেষ করে পূর্ণাঙ্গভাবে চালু করা হবে। এতে যাত্রীসেবা আরও সহজ ও গতিশীল হবে।

আজ সোমবার বেলা ১১টার দিকে মানিকগঞ্জ জেলা সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় আফরোজা খানম এ কথা বলেন। তিনি বলেন, হজযাত্রীদের যাতায়াতে যেন কোনো ধরনের ভোগান্তি না থাকে, এ বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। হজ ফ্লাইট পরিচালনা, ইমিগ্রেশন প্রক্রিয়া এবং সার্বিক ব্যবস্থাপনায় সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে।

বিমানবন্দরের সার্বিক মান উন্নয়ন করে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করাও সরকারের অন্যতম লক্ষ্য বলে উল্লেখ করেন মন্ত্রী। যাত্রীসেবা, নিরাপত্তা এবং ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তন আনার ওপর জোর দেন তিনি।

এ ছাড়া বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, হজযাত্রী সেবা ও দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন আফরোজা খানম। জাতীয় পতাকাবাহী বিমান সংস্থার অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কাজ করার কথাও জানান মন্ত্রী। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

পাশাপাশি নিজ জেলা মানিকগঞ্জের উন্নয়ন নিয়েও আফরোজা খানম পরিকল্পনার কথা তুলে ধরেন। পর্যটনের সম্ভাবনা কাজে লাগানো, যোগাযোগব্যবস্থা উন্নয়ন এবং স্থানীয় অর্থনীতিকে চাঙা করতে উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।

আরও পড়ুন

এরপর দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন আফরোজা খানম। মানিকগঞ্জে প্রতিটি উপজেলা ও ইউনিয়নে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রশাসন ও জনগণের সম্মিলিত উদ্যোগেই এই অপতৎপরতা বন্ধ করতে হবে।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।