শ্রীপুরে ট্রাকচাপায় পল্লিচিকিৎসক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুরে ট্রাকচাপায় এক পল্লিচিকিৎসকের মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা দুইটায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রঙিলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম (৪০) উপজেলার বরমী ইউনিয়নের দরগারচালা গ্রামের মো. শামসুদ্দীনের ছেলে। তিনি পল্লিচিকিৎসক ছিলেন।

দরগারচালা গ্রামের বাসিন্দা ও নিহত আবুল কালামের স্বজন জামাল উদ্দিন জানান, আবুল কালাম পল্লিচিকিৎসকের প্রশিক্ষণ নিয়ে নিজ বাড়ির পাশে একটি ওষুধের দোকান চালাতেন। পাশাপাশি একটি পোশাক কারখানায় মেডিকেল অফিসারের সহকারী হিসেবে কাজ করতেন। বিকেলে দোকানে বসতেন তিনি।

প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, দুপুরে আবুল কালাম কারখানা থেকে মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলেন। মহাসড়কের রঙিলাবাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে তাঁর মাথা, বুক ও পেটের বেশির ভাগ অংশ থেঁতলে যায়। তিনি ঘটনাস্থলে মারা যান।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কংকন কুমার বলেন, ট্রাকটিকে শনাক্ত করা যায়নি। মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।