শ্রীপুরে প্রসূতির মরদেহ রেখে হাসপাতালের কর্মীদের পালানোর অভিযোগ

অবহেলায় প্রসূতি মৃত্যুর খবরে হাসপাতালে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা ও রোগীর স্বজনেরা। আজ সোমবার সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় এলাকায় লাইফ কেয়ার হাসপাতালেছবি: প্রথম আলো

গাজীপুরের শ্রীপুরে ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলার মাওনা চৌরাস্তায় অবস্থিত লাইফ কেয়ার হাসপাতালে ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ স্বজন ও স্থানীয় লোকজন। তাঁদের অভিযোগ, প্রসূতির মরদেহ রেখে চিকিৎসক, নার্সসহ হাসপাতালের কর্মীরা পালিয়ে গেছেন।

মৃত রুমা আক্তার (২৫) শ্রীপুরের উজিলাব গ্রামের মো. মানিক মিয়ার স্ত্রী।

অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেওয়া নবজাতকটি সুস্থ আছে। আজ সোমবার সকাল ১০টার দিকে হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সে রুমার মরদেহ রেখে হাসপাতালের লোকজন পালিয়ে যান বলে স্বজনদের অভিযোগ। এ সময় বিক্ষুব্ধ লোকজন হাসপাতালে ভাঙচুর চালায়।

স্বজনদের ভাষ্য, গতকাল রোববার রাত ১০টার দিকে রুমা আক্তারের অস্ত্রোপচার করা হয়। এরপর দিবাগত রাত দুইটার দিকে তাঁর মৃত্যু হয়।

রুমার বোন কামরুন নাহারের ভাষ্য, লাইফ কেয়ার হাসপাতালে নেওয়ার পর গতকাল রাত ১০টার দিকে রুমার অস্ত্রোপচার শুরু হয়। প্রায় দুই ঘণ্টা পর নবজাতককে বের করে আনা হলেও রোগীর অবস্থা সম্পর্কে কোনো তথ্য দেওয়া হচ্ছিল না। একপর্যায়ে স্বজনদের কিছু না জানিয়ে মধ্যরাতে রোগীকে রাজধানীর হাসপাতালে নেওয়া হয়। পরে আজ সকালে রোগীকে মৃত অবস্থায় অ্যাম্বুলেন্সে করে হাসপাতালের সামনে রেখে পালিয়ে যান হাসপাতালের লোকজন।

রুমার আরেক স্বজন মানজুমা আক্তারের অভিযোগ, চিকিৎসক ছাড়া নার্সদের দিয়ে অস্ত্রোপচার করানোয় রোগীর মৃত্যু হয়েছে।

এ বিষয়ে গাজীপুরের সিভিল সার্জন মামুনুর রশীদ বলেন, প্রসূতি মৃত্যুর অভিযোগটি তাঁরা পেয়েছেন। শ্রীপুর উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে হাসপাতালে যাবে।

বক্তব্য জানতে হাসপাতালের মালিক মো. পারভেজ বা সংশ্লিষ্টদের কাউকে পাওয়া যায়নি। তাই তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাফর আলী প্রথম আলোকে বলেন, ‘খবর পেয়ে আমরা হাসপাতালে এসেছি। রোগী মৃত্যুর জেরে সেখানে ভাঙচুর চালানো হয়েছে। বর্তমানে পরিস্থিতির স্বাভাবিক আছে।’