দেশে পোলট্রির ‘রাজধানী’ গাজীপুরে ডিমের হালি ৫৫ টাকা
গাজীপুরের ভোগড়া পেয়ারাবাগান এলাকার বাসিন্দা পোশাকশ্রমিক জাহানারা বেগম বলেন, ‘আমরা স্বামী-স্ত্রী দুইজনে গার্মেন্টেসে কাম করি। রান্নার লাইগা সময় পাই না। হের লাইগা দুইড্যা ডিম দিয়া খাইয়া কামে চইলা যাই। ডিমটাই আমাগো ভরসা। এহন যদি হেই ডিমের দাম বাইড়া যায় তাইলে খামু কী! আইজকা (বুধবার) সকালে বাজার থাইকা এক হালি ডিম কিনলাম ৫৫ ট্যাহা (টাকা) দিয়া। দোকানদারকে দুইটা টাকা কম রাখতে কইলাম কিন্তু রাখল না।’
জাহানারা বেগম চাকরি করেন গাজীপুরের ভোগড়া নিউওয়ে ফ্যাশনস কারখানায়। তাঁর সঙ্গে বুধবার সকালে কথা হয় গাজীপুরের ভোগড়া কাঁচা বাজারে। ডিমের দাম বেশি নেওয়ায় দোকানির সঙ্গে অনেকেরই বাগ্বিতণ্ডা হচ্ছে। দোকানিরা বলছেন, তাঁরা বেশি দামে ডিম কিনছেন বলে বেশি দামে বিক্রি করছেন।
ডিমের বাজার ঘুরে ও ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, একসময় গাজীপুরকে পোলট্রিশিল্পের রাজধানী বলা হলেও এখন আগের মতো এত পোলট্রি খামার নেই। গুটি কয়েক ব্যবসায়ী এখন পোলট্রি খামারের ব্যবসা করছেন। এ কারণে মুরগি ও ডিমের বাজারের নিয়ন্ত্রণ তাঁদের হাতেই থাকে। গত রোববারও বাজারগুলোতে ডিম বিক্রি হয়েছে ৪৭–৪৮ টাকা হালি। তিন দিনের ব্যবধানে এখন খুচরা বাজারে লাল ডিম বিক্রি হচ্ছে ৫৫ টাকা হালি আর পাইকারি বাজারে এক হালি ডিম বিক্রি হচ্ছে ৪৮–৪৯ টাকায়। সাদা রঙের ডিম খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৫৩ টাকা হালি।
জয়দেবপুর বাজারে সরেজমিনে দেখা গেছে, চার থেকে পাঁচটি দোকানে এখন ডিম বিক্রি হচ্ছে। ডিম নিয়ে ক্রেতা-বিক্রেতাদের কথা-কাটাকাটি হচ্ছে। সবাই দাম নিয়ে হতাশা প্রকাশ করছেন।
গাজীপুর শহরের দক্ষিণ ছায়াবীথি এলাকার বাসিন্দা ইমরান হোসেন বলেন, ‘ডিমের দামটা আমরা সহনীয় চাই। এ সময় ডিমের দাম বাড়ার কোনো কারণ আমরা দেখছি না।
প্রশাসনের লোকজন বাজারগুলো তদারকি করলেই দামটা ঠিক থাকবে বলে মনে করছি।’
জয়দেবপুর বাজারের ডিম ব্যবসায়ী সুভাষ চন্দ্র বলেন, ‘ডিমের ডজন ১৬০ টাকা কিছুদিন আগে হয়েছিল। দাম বেশি হওয়ার কারণে সে সময় ডিমের চাহিদা কমে যায়। এই কারণে ডিমের ডজন ১২০ টাকায় নামে। তবে এখন আবার ডিমের চাহিদা বেড়েছে। এ কারণে দামও বাড়ছে।’
ভোগড়া বাজারের ব্যবসায়ী কবির হোসেন বলেন, ‘আমরা প্রতিদিন সকালে আড়ত থেকে ডিম কিনে নিয়ে আসি। আড়ত থেকে যে দামে কিনতে হয়, সেই দামের ওপর নির্ভর করেই খুচরা বিক্রি করি। তবে গত রোববারও দিমের দাম কম ছিল। দুই দিন ধরে একটু বেশি দামেই ডিম বিক্রি করতে হচ্ছে।’
জয়দেবপুর বাজারের ডিম বিক্রেতা সঞ্জয় মণ্ডল বলেন, ‘আজ প্রতি হালি ডিম বিক্রি করছি ৫৫ টাকায়। তবে সাদা ডিম হালিতে দুই টাকা কমে বিক্রি করা হচ্ছে। সরকার থেকে দাম নির্ধারণ করে দিলে কী হবে, আমাদের পাইকারিতেই বেশি দামে কিনতে হচ্ছে। তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে।’
গাজীপুর জেলা প্রশাসনের বাজার কর্মকর্তা মো. আবদুস সালাম প্রথম আলোকে বলেন, ‘আমরা বাজারগুলোতে সরকার নির্ধারিত মূল্যে ডিম বিক্রির জন্য নির্দেশ দিয়েছি। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী তাদের ইচ্ছেমতো দাম বাড়িয়ে বিক্রি করছে বলে অভিযোগ আছে। আমরা আবার অভিযানে নামব। ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রাখা হবে।’