‘আতঙ্কে’ সিলেট থেকে ঢাকাগামী বাসে যাত্রী কম
ঢাকায় বিএনপির গণসমাবেশ কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির কারণে সিলেট থেকে ঢাকাগামী যাত্রীরা আতঙ্কে রয়েছেন। এ জন্য ঢাকাগামী বাসগুলোতে যাত্রী পাওয়া যাচ্ছে কম। গতকাল বৃহস্পতিবার থেকে ধারণক্ষমতার তিন ভাগের এক ভাগ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যাচ্ছে বাসগুলো।
আজ শুক্রবার দুপুর ১২টায় এসব কথা বলেন সিলেটের দক্ষিণ সুরমা কেন্দ্রীয় বাস টার্মিনালের শ্যামলী পরিবহনের সহকারী ব্যবস্থাপক আবদুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, ঢাকা থেকে সিলেটে বেশি যাত্রী আসেন বৃহস্পতিবার। শুক্র ও শনিবার সিলেট থেকে ঢাকায় যান যাত্রীরা। কিন্তু এবার তেমনটি হচ্ছে না। অন্যান্য শুক্রবার জমজমাট থাকা সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল আজ ফাঁকা।
মামুন পরিবহনের কাউন্টারে টিকিট বিক্রেতা রিপন আহমদ বলেন, আগে সিলেট থেকে এক ঘণ্টা পর পর ঢাকার উদ্দেশে বাস ছেড়ে যেত। এখন সেটি আড়াই–তিন ঘণ্টা পর ছাড়া হচ্ছে। এরপরও যাত্রী পাওয়া যাচ্ছে না।
আজ সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সিলেটের দক্ষিণ সুরমার কেন্দ্রীয় বাস টার্মিনালে অবস্থান করে দেখা যায়, যাত্রীর অভাবে অধিকাংশ কাউন্টার ফাঁকা। যাত্রী নেই বললে চলে।
মিতালি পরিবহনের বাসের চালকের সহকারী দিনার হোসেন প্রথম আলোকে বলেন, ‘অনেক ডাকাডাকি করেও ঢাকাগামী বাসের যাত্রী পাওয়া যাচ্ছে না। তবে বাইপাস হয়ে হবিগঞ্জের মাধবপুরসহ আশপাশের কিছু যাত্রী পেয়েছি। গতকাল (বৃহস্পতিবার) থেকে যাত্রীর সংখ্যা কমেছে। আজ যাত্রী প্রায় নেই বললে চলে।’
টার্মিনালের এনা পরিবহনের কাউন্টারে টিকিট বিক্রেতা সুহেল আহমদ বলেন, আজ সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ১৬টি বাস ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। কিন্তু যাত্রী কম। প্রতিটি বাসে ১২ থেকে ১৮ জনের মতো যাত্রী ছিলেন। শীতাতপনিয়ন্ত্রিত বাসগুলোর যাত্রী আরও কম। সকালে চারটি শীতাতপনিয়ন্ত্রিত বাস ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ছেড়েছে দুটি।
এনা পরিবহনের শীতাতপনিয়ন্ত্রিত বাসের চালক তাজুল ইসলাম বলেন, বেলা দুইটায় তাঁর বাস ছাড়ার কথা, কিন্তু দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কেউ টিকিট কাটেননি। এখন কাউন্টার থেকে বলা হচ্ছে, যাত্রী যেহেতু নেই, গাড়িটি যাবে না। তিনি মৌলভীবাজার থেকে সিলেটে এসেছেন। আজ গাড়ি না চালালে তাঁর বাড়ি থেকে আসা–যাওয়ার ভাড়াসহ পুরো দিনের পরিশ্রম বৃথা যাবে।
দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা কেন্দ্রীয় বাস টার্মিনাল ঘুরে কিছু যাত্রীর আনাগোনা দেখা যায়। তবে তাঁদের প্রায় সবাই সিলেট বিভাগের অভ্যন্তরে যাতায়াতকারী। সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহ মো. জিয়াউল কবির প্রথম আলোকে বলেন, গতকাল থেকে যাত্রীর সংখ্যা কম। আজ আরও কমেছে। এমন অবস্থায় যাত্রীর অপেক্ষায় বাস কিছুটা বিলম্বে ছাড়ছে। ঢাকাগামী যাত্রীদের মধ্যে আতঙ্ক কাজ করছে জানিয়ে তিনি বলেন, আগামী রোববার থেকে যাত্রী আসা–যাওয়া স্বাভাবিক হবে।
সিলেট–ঢাকা সড়কপথে চলাচলকারী একটি বাসের চালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ঢাকায় পৌঁছানোর আগে কয়েক দফা তল্লাশি করা হচ্ছে। গতকাল থেকে এমনটি হচ্ছে। বিশেষ করে নরসিংদীতে তল্লাশি হচ্ছে। তবে ঢাকা থেকে আসার পথে তল্লাশিতে পড়তে হয়নি। মূলত ঢাকায় বিএনপির সমাবেশ কেন্দ্র করে এমনটি হচ্ছে।
টার্মিনালে দেখা হয় সাখাওয়াত হোসেন–নাসরিন আক্তার দম্পতির সঙ্গে। তাঁরা সিলেট থেকে ঢাকায় যাবেন। সাখাওয়াত হোসেন বলেন, ‘এমন দিনে অগ্রিম টিকিট না কাটলে পছন্দের আসন পাওয়া যায় না। আজ কাউন্টারে গিয়ে দেখি, অধিকাংশ আসন ফাঁকা। দুপুর সাড়ে ১২টায় এসে ঢাকাগামী দেড়টার বাসের টিকিট করছিলাম। ওই সময় পর্যন্ত মাত্র ছয়টি টিকিট বিক্রি হয়েছে।’