সরাইলে ট্রাক-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়া জেলার মানচিত্র

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ঢাকাগামী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাছবোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আজ রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বারিউড়া এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম জাকির হোসেন (৩২)। তিনি পিকআপ ভ্যানটির চালক ছিলেন। জাকির হোসেন জেলার আশুগঞ্জ উপজেলার যাত্রাপুর গ্রামের ফজলু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে মাছবোঝাই পিকআপ ভ্যান নিয়ে সরাইলের বারিউড়া এলাকা দিয়ে যাচ্ছিলেন জাকির হোসেন। এ সময় সিলেট থেকে ঢাকাগামী বেপরোয়া গতির একটি ট্রাকের সঙ্গে তাঁর পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের চালক জাকির হোসেন ঘটনাস্থলেই মারা যান

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস প্রথম আলোকে বলেন, লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। যানবাহন দুটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় সড়ক আইনে মামলার প্রস্তুতি চলছে।