চন্দনাইশে ১৪ ঘণ্টার ব্যবধানে পৃথক দুঘর্টনায় ট্রাকচালকসহ দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

চট্টগ্রামের চন্দনাইশে ১৪ ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক ট্রাকচালক ও এক পথচারী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ বিজিসি ট্রাস্টের সামনে ইটবাহী মিনি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ট্রাকচালক নিহত হন। এর আগে গতকাল বৃহস্পতিবার চন্দনাইশ গাছবাড়িয়া পক্ষীমারা সেতু এলাকায় বাসচাপায় এক পথচারী নিহত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইটবাহী ট্রাকটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। বিজিসি ট্রাস্টের সামনে বিপরীত দিক থেকে আসা ঈগল পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ট্রাকচালক জানে আলম (৪০) নিহত হন। আহত হয়েছেন ট্রাকচালকের সহকারী ফোরকান (২৬)। দুজনই বোয়ালখালী উপজেলার চরখিজিরপুর গ্রামের বাসিন্দা।

পটিয়া ফায়ার সার্ভিসের সাব–অফিসার সাইদুর রহমান বলেন, আজ শুক্রবার সকাল ৮টার পর ৯৯৯ থেকে দুঘর্টনার খবর পেয়ে দ্রুত চলে যান। এ সময় ঘটনাস্থল থেকে ইটবাহী মিনি ট্রাকের চালক ও সহকারী দুজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর চিকিৎসক জানে আলমকে মৃত ঘোষণা করেন। আহত ফোরকানকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেস করে তাঁর বাড়ি পৌঁছে দেন।

দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ এরফান।

এর আগে গতকাল সন্ধ্যা সাতটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ গাছবাড়িয়া পক্ষীমারা সেতুর দক্ষিণ পাশে সড়ক পার হতে গিয়ে যাত্রীবাহী শ্যামলী বাসের ধাক্কায় জাকির হোসেন (৬৫) নামের এক পথচারী নিহত হন। তিনি চন্দনাইশ পৌরসভার গাছবাড়িয়া এলাকার মৃত রশিদ আহমদের ছেলে।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি (ঢাকা মেট্টো-ব ১৪-০৯৮৫) জব্দ করে দোহাজারী হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে।