নীলফামারীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
নীলফামারী সদরের চাপড়াসরমজানি ইউনিয়নের বেড়াডাঙ্গা বাঁশবাড়ি গ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা একটার দিকে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হলো একই গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে মিজানুর রহমান (১৩) ও মো. আজিজুল ইসলামের ছেলে শাওন ইসলাম (১১)। তারা দুজন সম্পর্কে চাচা-ভাতিজা। শাওন বেড়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ও মিজানুর যাদুরহাট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
বাঁশবাড়ি গ্রামের বাসিন্দা সুজা উদ দৌলা জানান, আজ বেলা একটার দিকে বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতে ভিজছিল মিজানুর ও শাওন। একফাঁকে তারা বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানার কারণে একপর্যায়ে দুজনে পুকুরের পানিতে ডুবে যায়। পুকুরের পাশে দাঁড়িয়ে থাকা অপর এক শিশু এই দৃশ্য দেখে বাড়িতে খবর দেয়। বাড়ির লোকজন এসে দুজনকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
শিশু দুটিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো.আবদুর রহিম।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুর রউপ বলেন, আইনি প্রক্রিয়া শেষে দুই শিশুর লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।