তালা খোলা কোনো ব্যাপার না জামালের কাছে
‘সময় লাগবে, তবে যেকোনো ধরনের তালা খুলতে পারব। বিদেশি তালা হইলে একটু সময় বেশি লাগবে। তবে চাবিও বানাইতে পারব।’ অনেকটা আত্মবিশ্বাসের সঙ্গেই কথাগুলো বলছিলেন তালা-চাবি তৈরি ও মেরামতের কারিগর মো. জামাল উদ্দিন (৪০)।
চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় বসে তালা-চাবি তৈরি ও মেরামত করেন তিনি। ২০১০ সাল থেকে এই পেশা দিয়েই চলছে তাঁর সংসার। গত মঙ্গলবার দুপুরে কথা হয় জামাল উদ্দিনের সঙ্গে। তিনি জানান, এত বছরের অভিজ্ঞতা সঞ্চয় করেছেন তালা চাবির কাজ করতে করতে। এখন যেকোনো আকারের চাবি বানানো কিংবা জটিল তালা খোলা সহজ হয়ে গেছে।
সরেজমিনে দেখা যায়, মাটি থেকে দু-এক ফুট ওপরে ছোট একটি টেবিলের কাজ করেন জামাল উদ্দিন। এর চারপাশে সাজানো কয়েক শ চাবি। কিছু তৈরি চাবি আর কিছু চাবি তৈরির পাত। কয়েকটি তালাও উঁকিঝুঁকি দিচ্ছে সেই চাবির ভিড়ে।
তামার একটি পাতে চাবির খাঁজ কাটছিলেন তিনি। আর ফাঁকে ফাঁকে নিজের সম্পর্কে জানাচ্ছিলেন। জামাল উদ্দিনের পৈতৃক নিবাস ময়মনসিংহ হলেও তাঁর বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়। সেখান থেকেই যাওয়া–আসা করেন নগরে। সাধাসিধে পোশাকের জামাল উদ্দিন ২০০০ সাল থেকে এই পেশায় জড়িত। ২০১০ সালে ভাগ্য বদলের উদ্দেশে৵ গিয়েছে ওমানে। সেখানে কৃষিকাজ করতেন সে সময়। ২০২১ সালে ফিরে এসে আবারও নিজের পুরোনো কাজে যোগ দিলেন তিনি।
কাজ করতে করতে জামাল উদ্দিন বলেন, হাতের কাজ হিসেবে তালা–চাবির কাজ শিখেছিলেন। সেটা দিয়েই এখন সংসার চলে। পরিবার ছেড়ে বিদেশ গিয়ে আয়রোজগারের সুবিধা করতে পারেননি। ফিরে এসে আগের পেশায় জড়িয়েছেন।
জামাল উদ্দিনের দোকানে ৩০ থেকে ৩০০ টাকা মূল্যে তালা-চাবি তৈরি ও মেরামতের কাজ হয়। কিছুটা সহজ ধরনের চাবি বানাতে তিনি নেন ৩০ টাকা। আর কিছুটা জটিল তালার ক্ষেত্রে নেন ২৫০ থেকে ৩০০ টাকা। চাবি বানানোর জন্য লোহা বা তামার পাত কিনতে খরচ হয় ২০ থেকে ৩০ টাকা। আর তালা মেরামতে খরচ হয় কয়েক ঘণ্টার পরিশ্রম।
১০ বছরের প্রবাস জীবন বাদ দিয়ে প্রায় ১৩ বছরের বেশি সময় ধরে এই পেশায় জড়িত জমির উদ্দিন। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত তালা চাবির তৈরি ও মেরামত করেন তিনি। যদিও খাতা–কলমে কোনো হিসাব রাখেননি, তবে এখন অবধি ৫০ হাজারের বেশি চাবি তৈরি করেছেন তিনি।
জামাল উদ্দিন বলেন, প্রতিদিন ১০ থেকে ১৫টি চাবি মেরামত করা হয়। কোনো দিন ২০ থেকে ২৫টিও হয়। সে অনুযায়ী আয় হয়। এলাকা থেকে দূরে কোথাও তালা মেরামত করতে গেলে সে ক্ষেত্রে একটু বেশি আয় হয়।
কথা বলতে বলতে কয়েকজন এলেন চাবি মেরামত ও নকল চাবি বানানোর জন্য। কিছুক্ষণ কথা থামিয়ে কাজে মন দিলেন তিনি। এর ফাঁকে পরিবার ও স্ত্রী-সন্তানের কথা জানান তিনি। মা, স্ত্রী ও তিন সন্তান নিয়ে জামাল উদ্দিনের সংসার। তাঁর স্ত্রী একজন গৃহিণী। বড় ছেলে এসএসসি পরীক্ষার্থী। মেজ ছেলে নবম শ্রেণির ছাত্র। আর পাঁচ বছর বয়সী মেয়ে প্রথম শ্রেণিতে পড়ালেখা করছে। ছয়জনের এই পরিবার চলে জামাল উদ্দিনের একার আয়ে। এই তালা–চাবির দোকান দিয়েই তিনি তাঁর সংসারের হাল ধরেন।
মো. জামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, প্রতিদিন একই ধরনের আয় হয় না। কখনো কম, কখনো বেশি। তবে সংসার চলে যাচ্ছে। ছেলে-মেয়ে বড় হয়ে ভালো চাকরি করবে এটাই চাওয়া।