গাজীপুরে মেলায় চাকরি পেলেন ২৫০ জন
শিল্পপ্রতিষ্ঠানে বেকারদের যোগ্যতা অনুযায়ী চাকরির সুযোগ করে দিতে গাজীপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী চাকরি মেলা। ভাওয়াল রাজবাড়ী মাঠে এ মেলায় গিয়ে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেলেন ২৫০ জন। আজ রোববার মেলার শেষ দিনে তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়।
চাকরিপ্রার্থী ও চাকরিদাতা প্রতিষ্ঠানের মধ্যে সংযোগ সৃষ্টি করতে এমন উদ্যোগ নেয় জেলা প্রশাসন। এ মেলায় বেক্সিমকো টেক্সটাইল লিমিটেড, স্কয়ার টেক্সটাইল মিলস লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, নেসলে বাংলাদেশ লিমিটেড, ওয়ালটন গ্রুপ, প্রাণ-আরএফএল গ্রুপ, বাটা গ্রুপ, ইপিলিয়ন গ্রুপসহ ছোট-বড় প্রায় ৪০টি শিল্পপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
এ ছাড়া সরকারি বিভিন্ন প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান যুব উন্নয়ন অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা, মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়সহ জেলা প্রশাসনের দক্ষতা উন্নয়নবিষয়ক তথ্যসংবলিত স্টল বসানো হয়। সেখানে এসব শিল্পপ্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা চাকরি প্রার্থীদের সঙ্গে দক্ষতা, অভিজ্ঞতা বিনিময় করেন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, দুই দিনব্যাপী চাকরি মেলায় শিক্ষিত বেকারদের পক্ষ থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে। দুই দিনে ২৪ হাজার চাকরিপ্রার্থী তাঁদের জীবনবৃত্তান্ত (সিভি) জমা দিয়েছেন। এসব থেকে মেলায় অংশগ্রহণকারী ৪০টি প্রতিষ্ঠান তাদের বিভিন্ন ক্যাটাগরির শূন্য পদের বিপরীতে মোট ১ হাজার ৭১৮ জনকে প্রাথমিকভাবে বাছাই করেছে। প্রতিষ্ঠানগুলোর শূন্য পদের সংখ্যা রয়েছে ১ হাজার ১২৩টি। মেলার সমাপনী অনুষ্ঠানে তাৎক্ষণিকভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন ক্যাটাগরির শূন্য পদের বিপরীতে ২৫০ চাকরিপ্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। এ ছাড়া ক্যারিয়ার বাছাই, জীবনবৃত্তান্ত প্রস্তুতকরণ, উদ্যোক্তা হিসেবে কাজ করা ও দক্ষতা বৃদ্ধির বিষয়ে পরামর্শ প্রদান করা হয়েছে। পরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বাছাই করা সিভি অনুযায়ী যোগ্য প্রার্থীদের চাকরি দেবে।
দুই দিনের মেলার প্রথম দিনে চাকরির আবেদন করে পরের দিনই নিয়োগপত্র হাতে পেয়েছেন অনেকেই। নিয়োগপত্র পেয়ে তাঁরা উল্লাস প্রকাশ করেছেন। চাকরি পেয়ে গাজীপুরের বাসিন্দা হুমায়রা ইসলাম বলেন, ‘দুই মাস আগে অ্যাকাউন্টিং নিয়ে স্নাতকোত্তর পাস করেছি। এক দিন আগে চাকরির জন্য আবেদন করে পরের দিনই বেক্সিমকো টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলস কারখানায় এমটিও পদে নিয়োগ পেয়েছি। এভাবে চাকরি পাওয়া একটা ভাগ্যের ব্যাপার।’
মেলায় চাকরি পাওয়া স্থানীয় শিরিন শিলা বলেন, ২০১৩ সালে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর পাস করে বেকার বসেছিলেন। অনেক প্রতিষ্ঠানে চাকরির আবেদন করেও চাকরি মেলেনি। এ মেলায় এসে চাকরি পেয়েছেন। একই কথা বলেন গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকার বাসিন্দা সুমন হাসান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০১৭ সালে দর্শন বিভাগ থেকে পাস করেও বেকার বসেছিলেন তিনি। এ মেলায় এসে চাকরি মিলেছে তাঁর।
আজ বিকেলে চাকরি মেলার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল বলেন, ‘আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা, মানুষকে উদ্যোক্তা হিসেবে তৈরি করা। আমরা বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করার চেষ্টা করছি। আমরা উদ্যোগ নিয়েছি ঢাকাসহ আটটি বিভাগে বড় আকারে আটটি জব ফেয়ার আয়োজন করার। ইতিমধ্যে পৌনে ২০০ প্রতিষ্ঠান এসব জব ফেয়ারে অংশ নেবে।’
গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির উপাচার্য রফিকুল ইসলাম, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যক্ষ মাসুদা সিকদার, টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, গাজীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এ বি এম ইসমাইল হোসেন খান প্রমুখ।