পঞ্চগড়ে পরকীয়ার অভিযোগে আটক পুলিশ সদস্যকে প্রত্যাহার
পঞ্চগড়ের বোদা পৌরসভায় পরকীয়ার অভিযোগে জনতার হাতে আটক এক পুলিশ সদস্যকে (কনস্টেবল) প্রত্যাহার করে পঞ্চগড় পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে পঞ্চগড়ের পুলিশ সুপার (এসপি) এস এম সিরাজুল হুদার নির্দেশে তাঁকে বোদা থানা থেকে সরানো হয়।
ওই পুলিশ সদস্যের নাম শেখ রেজওয়ান আহম্মেদ (৩৫)। তিনি নীলফামারী সদর উপজেলার বাসিন্দা। প্রায় তিন মাস ধরে তিনি বোদা থানায় কর্মরত ছিলেন। তাঁর স্ত্রী ও দুটি সন্তান রয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার গভীর রাতে বোদা পৌরসভার একটি বাড়ি থেকে রেজওয়ানকে আটক করেন স্থানীয় বাসিন্দারা। পরে গতকাল ভোরে স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিরা তাঁকে বোদা থানার পুলিশের কাছে সোপর্দ করেন।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে বোদা পৌরসভার এক কাউন্সিলর কাউসার আলম বলেন, প্রায় তিন মাস আগে শেখ রেজওয়ান আহম্মেদ নামের ওই পুলিশ কনস্টেবল বোদা থানায় যোগদান করেন। পরে তিনি এক গৃহবধূর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন বলে অভিযোগ।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজয় কুমার রায় ওই পুলিশ সদস্যকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।