চট্টগ্রামে জাতীয় পার্টির কমিটিতে পদ পেলেন মৃত দুই ব্যক্তি
জাতীয় পার্টির (জাপা) চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটিতে মৃত দুজন ব্যক্তিকে সদস্য করা হয়েছে। আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ব্যক্তিকেও রাখা হয়েছে কমিটিতে। যদিও দীর্ঘদিন ধরে দলের রাজনীতিতে সক্রিয় থাকা অনেকে কমিটি থেকে বাদ পড়েছেন বলে অভিযোগ করেছেন নেতা-কর্মীরা।
গত ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার ১২৫ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা দেয় জাপা। দলটির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিুবুল হক স্বাক্ষরিত কমিটিতে মোহাম্মদ নুরুচ্ছফা সরকারকে আহ্বায়ক ও আবদুস ছত্তারকে সদস্যসচিব করা হয়। কমিটিকে আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে সম্মেলন করতে বলা হয়েছে। তবে এর আগেই উপজেলা কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।
কমিটিতে ৩২ নম্বর সদস্যের তালিকায় নাম আছে রমজান মুন্সির। তিনি দলের পটিয়া উপজেলা শাখার সহসভাপতি ছিলেন। প্রায় আট মাস আগে তাঁর মৃত্যু হয়েছে। রমজান মুন্সির বাড়ি পটিয়া উপজেলার হাইদগাঁও এলাকায়। এলাকার বাসিন্দারা তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
কমিটিতে ৯৫ নম্বর সদস্যের তালিকায় রয়েছে মোহাম্মদ আলীর নাম। তিনি কর্ণফুলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন। প্রায় দুই বছর আগে তাঁর মৃত্যু হয়।
সম্মেলন প্রস্তুতি কমিটিতে সাইফুদ্দিন মানিক নামের একজন সদস্য করা হলেও তিনি প্রায় সাত বছর ধরে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয়। তিনি কর্ণফুলী উপজেলার চর পাথরঘাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য। সাইফুদ্দিন মানিক প্রথম আলোকে বলেন, তিনি জাতীয় ছাত্র সমাজ ও জাতীয় যুব সংহতির দক্ষিণ জেলা সভাপতি ছিলেন। তবে ২০১৬ সালে তিনি দল ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন। তাঁকে কেন সদস্য করা হয়েছে তিনি সে ব্যাপারে জানেন না।
দলের নেতা-কর্মীরা বলেন, সম্মেলন প্রস্তুতি কমিটিতে দক্ষিণ জেলা শাখার সদ্য প্রয়াত নেতা সামশুল আলমের অনুসারীদের বেশির ভাগই বাদ পড়েছেন। গত বছরের জুলাইয়ে মারা যান সামশুল আলম। তিনি দলের দক্ষিণ জেলা শাখার সভাপতি ছিলেন। তাঁর অনুসারীদের অভিযোগ, বিগত সম্মেলন প্রস্তুতি কমিটিতে থাকা তিন যুগ্ম আহ্বায়কসহ অন্তত ৭৬ জনকে নতুন কমিটিতে বাদ দেওয়া হয়েছে। দলে তাঁরা সক্রিয় থাকলেও ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়।
দলীয় সূত্রে জানা গেছে, ২০১৪ সালে দলের চট্টগ্রাম জেলা শাখার সর্বশেষ সম্মেলন হয়েছিল। সম্মেলনে সামশুল আলমকে সভাপতি ও মোহাম্মদ নুরুচ্ছফা সরকারকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। কমিটি গঠনের পর থেকে সামশুল আলমের সঙ্গে মোহাম্মদ নুরুচ্ছফা সরকারের বিরোধ দেখা দেয়। পরে নতুন করে কমিটি গঠন করতে দুবার সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।
কিন্তু প্রস্তুতি কমিটি নেতা-কর্মীদের অভ্যন্তরীণ বিরোধের কারণে সম্মেলনের আয়োজন করতে ব্যর্থ হয়। এর পরিপ্রেক্ষিতে তৃতীয়বারের মতো সম্মেলন প্রস্তুতি কমিটি করেছে দলটি।
প্রয়াত সামশুল আলমের অনুসারী হিসেবে পরিচিত জাপার পটিয়া পৌরসভা শাখার সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ বলেন, দলের সব পক্ষের নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা না করে শুধু মোহাম্মদ নুরুচ্ছফা সরকারের কথামতো কমিটি হয়েছে। তাই ত্যাগী নেতা-কর্মীরা কমিটি থেকে বাদ পড়লেও মৃত ব্যক্তি এবং অন্য দলের কর্মীরা কমিটিতে স্থান পেয়েছেন। মোহাম্মদ নুরুচ্ছফা সরকার তাঁর নিজের ছেলে ফরিদ উদ্দিন সরকারকেও কমিটিতে সদস্য করেছেন। দুই পক্ষের নেতা-কর্মীদের নিয়ে বসে কমিটি গঠন করা হলে এ ধরনের অসংগতি দেখা দিত না।
মোস্তাক আহমদ প্রথম আলোকে বলেন, আহ্বায়ক মোহাম্মদ নুরুচ্ছফা সরকার নিজেই একজন বিতর্কিত ব্যক্তি। তিনি জাল টাকা বানানোর সরঞ্জামসহ গ্রেপ্তার হয়েছিলেন। একসময় হত্যা মামলাও ছিল তাঁর বিরুদ্ধে। এ ধরনের একজন ব্যক্তিকে আহ্বায়ক করায় দলের সুনাম ক্ষুণ্ন হয়েছে।
আনোয়ারা উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলী আকবর বলেন, গত সম্মেলন প্রস্তুতি কমিটিতে তিনি যুগ্ম আহ্বায়কের পদে ছিলেন। এবার তাঁকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়নি। তাঁদের পক্ষ থেকে ১০১ জনের একটি কমিটির তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছিল। সে তালিকা থেকে মাত্র ৯ থেকে ১০ জনকে কমিটিতে রাখা হয়েছে।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোহাম্মদ নুরুচ্ছফা সরকার প্রথম আলোকে বলেন, কেন্দ্রে দলের দুটি পক্ষ থেকে পৃথকভাবে তালিকা দেওয়া হয়। সেই তালিকা সমন্বয় করে বিভাগীয় সমন্বয়কের দায়িত্বে থাকা দলের প্রেসিডিয়াম সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরী কমিটি করেছেন। দল সেটি অনুমোদন দিয়েছে। মৃত যে দুজন ব্যক্তি কমিটিতে পদ পেয়েছেন তাঁরা দুজনই প্রয়াত নেতা সামশুল আলমের অনুসারী। তাঁর পক্ষের দেওয়া লোকজনের তালিকায় তাঁদের নাম ছিল।
অন্যান্য অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যে হত্যা মামলায় তিনি আসামি ছিলেন সেটি রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মামলা। সেখানে সামশুল আলমও আসামি ছিলেন। অন্য অভিযোগগুলো ভিত্তিহীন। তাঁর ছেলে রাজনীতি করেন তাই পদ পেয়েছেন। কমিটিতে কোনো অসংগতি থাকলে দলের প্রেসিডিয়াম সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরীর সঙ্গে বসে ঠিক করা হবে বলে জানান তিনি।