খুলনায় ট্যাংকলরি থেকে অকটেন চুরির সময় হাতেনাতে পাঁচজন আটক

জ্বালানি তেলফাইল ছবি

খুলনায় ডিপোর মধ্যে ট্যাংকলরি থেকে অকটেন চুরির সময় তেলসহ পাঁচজনকে আটক করেছেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের আর্থিক জরিমানা করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে খুলনায় পদ্মা ডিপোর ভেতরে এ ঘটনা ঘটে।

জেলা প্রশাসনের সূত্রে জানা যায়, আজ খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন পদ্মা ডিপোয় ট্যাংকলরি থেকে লরিচালক ইমরান, সহযোগী সম্রাট, মিন্টি, রানা ও বিল্লাল মিলে ড্রামে অকটেন চুরি করছিলেন। এ সময় তাঁদের হাতেনাতে ধরেন এনএসআই খুলনা মেট্রো কার্যালয়ের সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাংলাদেশ পেট্রোলিয়াম আইন ২০১৬–এর ২০–এর ১ ধারা মোতাবেক ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (অর্পিত সম্পত্তি সেল, পরিত্যক্ত সম্পত্তি সেল) উম্মে সালমা খানুন। প্রথম আলোকে তিনি বলেন, এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে পদ্মা ডিপোয় গিয়ে হাতেনাতে ১০ লিটার তেলসহ পাঁচজনকে আটক করা হয়। পরবর্তী সময় তেল চুরির অভিযোগ তাঁরা স্বীকার করেন। এর মূল হোতা ছিলেন লরিচালক। এ জন্য তাঁর বিরুদ্ধে মামলা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তেল জব্দ করা হয়। অপরাধের ধরন বিবেচনায় কারাদণ্ড দেওয়া হয়নি।