সীতাকুণ্ডে মহাসড়কে প্রাণ গেল পিকআপচালকের

সড়ক দুর্ঘটনাপ্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় এক পিকআপচালকের মৃত্যু হয়েছে। আজ ভোরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাইছড়ি ইউনিয়নের শেয়ারীপোল এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চালকের সহকারীও আহত হয়েছেন।

নিহত ওই চালকের নাম মো. মিজানুর রহমান (৩৯)। তিনি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, চালক নোয়াখালী থেকে চট্টগ্রামের ফিশারীঘাট থেকে মাছ আনতে যাচ্ছিলেন।

জানতে চাইলে বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোমিন প্রথম আলোকে বলেন, ভোর সাড়ে পাঁচটার দিকে অজ্ঞাত একটি গাড়িকে ধাক্কা দেয় পিকআপটি। এতে ঘটনাস্থলেই চালককে মৃত্যু হয়। খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আহত অজ্ঞাতনামা চালকের সহকারীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ওসি আবদুল মোমিন বলেন, এ ঘটনায় দুর্ঘটনাকবলিত পিকআপটির সামনের অংশ ধুমড়েমুচড়ে যায়। তাঁরা পিকআপটিকে উদ্ধার করে থানায় এনেছেন। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় একটি সড়ক পরিবহন আইনে মামলা করা হয়েছে।