জাপা নেতার পোস্টারে ছেয়ে গেছে নগর, দোয়া চাইলেন আ.লীগ নেতা
সিলেট সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে দলীয় মনোনয়ন পেতে এবার প্রার্থিতা ঘোষণা করেছেন দুজন বীর মুক্তিযোদ্ধা। তাঁরা হচ্ছেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আবদুল খালিক ও জাতীয় পার্টি নেতা মাহবুবুর রহমান চৌধুরী।
আবদুল খালিক সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের দুবারের সাবেক কাউন্সিলর। এ ছাড়া তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডারও। তিনি আজ মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে স্থানীয় বাসিন্দাদের কাছে নিজের প্রার্থিতার বিষয়টি তুলে ধরে দোয়া চেয়েছেন।
এদিকে জাতীয় পার্টির নেতা মাহবুবুর রহমান চৌধুরীর সমর্থনে মঙ্গলবার নগরের বিভিন্ন স্থানে পোস্টার সাঁটানো হয়েছে। এসব পোস্টারে তাঁকে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা হিসেবে উল্লেখ করে মেয়র পদে দলীয় মনোনয়ন দেওয়ার অনুরোধ জানিয়েছেন কর্মী-সমর্থকেরা।
জানা গেছে, চলতি বছরের মাঝামাঝি সিলেট সিটি করপোরেশনের নির্বাচন হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলে আওয়ামী লীগের নেতারা ধারণা করছেন। এ অবস্থায় গত এক সপ্তাহ ধরে দলটির একের পর এক নেতা মেয়র পদে দলীয় মনোনয়ন পেতে প্রার্থিতা ঘোষণা করছেন। এ পর্যন্ত আওয়ামী লীগের সাতজন নেতা প্রার্থিতা ঘোষণা করলেন। এর বাইরে আরও দুজন গুরুত্বপূর্ণ নেতা মনোনয়নপ্রত্যাশী রয়েছেন। এ নিয়ে নগরবাসীর মধ্যেও ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে।
আওয়ামী লীগের একাধিক নেতা বলেন, বিএনপি সিটি করপোরেশন নির্বাচনে আসবে না। সহজে জয় পাওয়া যাবে ভেবে আওয়ামী লীগের নেতারা দলীয় মনোনয়ন পাওয়ার জন্য প্রাণান্তকর চেষ্টা করছেন। তাই তফসিল ঘোষণার আগেই নিজেদের শক্তিশালী প্রার্থী হিসেবে প্রচার দিতেই প্রার্থিতা ঘোষণা করছেন। ফলে পোস্টার, ফেস্টুন, ব্যানার ও বিলবোর্ডে ছেয়ে গেছে নগরের বিভিন্ন এলাকা। এর বাইরে সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনে প্রার্থী হওয়ার কথা ‘মরিয়া হয়ে’ জানান দিচ্ছেন।
সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আবদুল খালিক প্রথম আলোকে বলেন, ‘আশির দশকে যুবলীগের মাধ্যমে রাজনীতিতে আমার হাতেখড়ি হয়। এরপর আওয়ামী লীগের সঙ্গেই জড়িত আছি। দুবারের কাউন্সিলরও ছিলাম। মুক্তিযোদ্ধা হওয়ায় মানুষজন আমাকে সম্মান করেন, ভালোবাসেন। শুভানুধ্যায়ী ও নগরবাসীর প্রত্যাশা, আমি যেন মেয়র পদে প্রার্থী হই। তাই আমিও মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন চাইব।’