ভবনে গাড়ি পার্কিং ব্যবস্থা নেই

এসব ভবনে প্রতিদিন বাণিজ্যিক উদ্দেশ্যে আসা মানুষ মোটরসাইকেল-গাড়ি মূল সড়কের ওপরই রাখছেন, যার প্রভাব পড়ছে গোটা শহরে। 

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের অধিকাংশ বহুতল ভবনে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা নেই। সড়কের ওপর রাখা গাড়ির কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। গত মঙ্গলবার জেস টাওয়ারের সামনে
ছবি: প্রথম আলো

দেশের অন্যতম প্রাচীন শহর যশোরের অন্যতম সমস্যা এখন যানজট। প্রতিদিনই বিভিন্ন স্থানে গাড়ির জট লেগে থাকছে। একে তো শহরের সড়কগুলো সরু, তার ওপর যানজটের অন্যতম প্রধান কারণ যত্রতত্র অবৈধ পার্কিং। যশোর শহরে অধিকাংশ বাণিজ্যিক বহুতল ভবন গড়ে তোলা হয়েছে গাড়ি পার্কিং ব্যবস্থা ছাড়াই। এই ভবনগুলোর সামনের সড়কে হাজারো মানুষ প্রতিদিন মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি পার্কিং করে রাখছেন। এতে সরু সড়ক আরও সরু হয়ে পড়ছে। ফলে সড়কগুলো দিয়ে যাতায়াতে ভোগান্তির শেষ থাকছে না।

কিছু ভবনের আন্ডারগ্রাউন্ডে যানবাহন রাখার ব্যবস্থা থাকলেও সেটা অন্য পণ্যের গুদাম হিসেবে ব্যবহার করা হচ্ছে; যা পৌরসভা আইনের পরিপন্থী হলেও পৌর কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা নেই।

যশোর শহরের প্রাণকেন্দ্র গাড়িখানা সড়কে প্রায় এক লাখ বর্গফুটের জেস টাওয়ার নামের ছয়তলা বাণিজ্যিক ভবনে ১৫০টির মতো দোকান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু এখানে গাড়ি পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই। এই ভবনের সামনের গুরুত্বপূর্ণ সড়কটিতে প্রতিদিনই তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। যার প্রভাব পড়ছে গোটা শহরে। এই ভবনে প্রতিদিন বাণিজ্যিক উদ্দেশ্যে আসা মানুষ মোটরসাইকেল-গাড়ি মূল সড়কের ওপরই রাখছেন।

শুধু জেস টাওয়ারই নয়, শহরের ভেতর দিয়ে যাওয়া তিনটি প্রধান সড়কে নির্মিত অধিকাংশ ভবনে যানবাহন রাখার ব্যবস্থা নেই। যশোর শহরের ভেতর দিয়ে যাওয়া প্রধান সড়কগুলো হলো পালবাড়ি-দড়াটানা-মণিহার, দড়াটানা মোড়-খাজুরা স্যান্ড-মাগুরা ও দড়াটানা-চাঁচড়া মোড়। সড়ক তিনটি সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন।

কয়েক দিন ধরে এই সড়কগুলো ঘুরে দেখা গেছে, চার কিলোমিটার দীর্ঘ পালবাড়ি-দড়াটানা-মণিহার প্রেক্ষাগৃহ সড়কের দড়াটানা থেকে মণিহার পর্যন্ত সবচেয়ে বেশি যানজটের সৃষ্টি হয়। এই অংশে অন্তত ৩০টি সরকারি-বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, কোতোয়ালি মডেল থানা, জেলা আওয়ামী লীগ ও বিএনপির দলীয় কার্যালয়, বিভিন্ন ব্র্যান্ডের পণ্যের শোরুম রয়েছে। ফলে এই অংশটি শহরের অত্যন্ত ব্যস্ত এলাকা। এই সড়ক মাত্র ২৪ থেকে ৩০ ফুট প্রশস্ত। সড়কের দুই পাশ দিয়ে পায়ে হাঁটা কোনো পথ নেই। পয়োনিষ্কাশনের জন্যও কোনো ড্রেন (নালা) নেই। তার ওপর এই অংশে জেস টাওয়ারের মতো বহুতল বাণিজ্যিক ভবনের গাড়ি পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই।

গত রোববার দুপরে দেখা গেছে, জেস টাওয়ারের বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠানে সেবা নিতে আসা মানুষের মোটরসাইকেল সড়কের ওপরে লাইন দিয়ে রাখার জন্য দেখিয়ে দিচ্ছেন দুজন প্রহরী। চা খাওয়ার কথা বলে বকশিশ হিসেবে ১০-২০ টাকা করে নিচ্ছেন ওই প্রহরীরা। এ বিষয়ে জানতে চাইলে জেস টাওয়ারের স্বত্বাধিকারী মতিয়ার রহমান বলেন, ‘ভবনটি যখন নির্মাণ করা হয়, তখন এত পার্কিং রাখার প্রয়োজনীয়তা অনুভব করিনি। এখন ভবনের নিচতলায় ৬০টির মতো শাড়ি-কাপড়, প্রসাধনী ও জুতার দোকান রয়েছে। ওই দোকান তুলে দিয়ে গাড়ি পার্কিং করার মতো বাস্তবতা নেই। এখন ভবনের সামনে যানজট হলেও আমার আর কিছুই করার নেই।’

দড়াটানা মোড়-কেন্দ্রীয় কারাগার-খাজুরা বাসস্ট্যান্ড সড়কে দেখা গেছে, এই সড়কে যশোর জেনারেল হাসপাতাল, সাততলা ইবনে সিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, বহুতল ল্যাবএইড ডায়াগনস্টিক, কুইন্স হসপিটাল লিমিটেড, ইউনাইটেড আই হসপিটাল, যশোর কেন্দ্রীয় কারাগারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে। ইবনে সিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের গাড়ি পার্কিংয়ের মুখেই হেলাল বুক ডিপো নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের দোকান রয়েছে। আরএস ভবনের গাড়ি পার্কিংয়ের জায়গা ঢেউটিনের গুদাম বানানো হয়েছে। সড়কের ওপর গাড়ি রেখে দিনের বেলায় টিন ওঠানো-নামানো হয়। এতে ব্যস্ততম এই সড়কে যানজট হচ্ছে।

আরএস ভবনের পাশেই কুইন্স হাসপাতালের আন্ডারগ্রাউন্ডে গাড়ি পার্কিং করতে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়। এতে সেবা নিতে আসা লোকজন সেখানে মোটরসাইকেল বা গাড়ি রাখতে চান না। হাসপাতালের সামনে সব সময় চিকিৎসকদের ব্যক্তিগত গাড়ি ও রোগী বহনকারী অ্যাম্বুলেন্স-মাইক্রোবাসের জটলা লেগেই থাকে।

সওজ সূত্রে জানা গেছে, দুটি সড়কেই পায়ে হাঁটা কোনো পথ নেই। পয়োনিষ্কাশনেরও কোনো ড্রেন নেই। মানচিত্রে দড়াটানা-খাজুরা বাসস্ট্যান্ড সড়কের প্রায় দেড় কিলোমিটার অংশ ৪০ থেকে ১০০ ফুট চওড়া। অথচ এই সড়কে বিটুমিন রয়েছে ২৪ ফুটের মতো। বাকি অংশ বেদখলে রয়েছে।

জানতে চাইলে সওজ উপবিভাগ-২-এর বিভাগীয় প্রকৌশলী আরিফ মাহমুদ বলেন, দড়াটানা মোড় থেকে খাজুরা স্ট্যান্ড হয়ে মাগুরা জেলা শহর পর্যন্ত ৫০ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করার জন্য ভূমি অধিগ্রহণের জন্য প্রস্তাবনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রকল্প অনুযায়ী এই সড়কটি ২০০ ফুট চওড়া হবে। তখন আর যানজট থাকবে না। তবে পালবাড়ি-দড়াটানা-মণিহার সড়কের পাশে জায়গা নেই। এ জন্য এটা চার লেন করার বিষয়ে এখনই পদক্ষেপ নেওয়া হচ্ছে না। সড়কে বিটুমিনের পাশে খালি জায়গা চলাচলের উপযোগী করা ও ভবনের সামনে অবৈধ গাড়ি পার্কিংয়ের বিষয় সওজের দায়িত্ব নয়। পৌরসভা ও পুলিশ বিভাগের দায়িত্ব বলেও তিনি জানান।

জানতে চাইলে যশোর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ কে এম আবু নওশাদ বলেন, ইতিমধ্যে কয়েক দফা অভিযান চালানো হয়েছে। কিন্তু স্থায়ীভাবে অবৈধ পার্কিং বন্ধ হচ্ছে না। এ বিষয়ে পুলিশ, জনপ্রতিনিধি, বহুতল ভবনগুলোর মালিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে যৌথ বৈঠকে বসে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।