বগুড়া ও জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রেনে কাটা পড়ে মৃত্যু
প্রতীকী ছবি

বগুড়া ও জয়পুরহাটে পৃথক তিনটি ঘটনায় ট্রেনে কাটা পড়ে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে বগুড়ার সোনাতলা ও তালোড়া এলাকায় এবং দুপুরে জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশনের পাশে এসব ঘটনা ঘটে।

মারা যাওয়া তিনজন হলেন কহিনুর বেগম (৫৫), তানজিলা আক্তার (৩০) ও অজ্ঞাতনামা এক পুরুষ। কহিনুর বগুড়ার আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম এলাকার আমজাদ হোসেনের স্ত্রী। তানজিলা আক্তার সোনাতলা উপজেলার হাফেজ উদ্দীনের মেয়ে।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তার হোসেন বলেন, আজ সকাল সাতটার দিকে বগুড়ার তালোড়া রেলস্টেশনে বোনারপাড়াগামী পদ্মরাগ ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে পড়ে কহিনুর বেগমের মৃত্যু হয়েছে। সকাল আটটার দিকে সোনাতলা রেলস্টেশনের পাশে ট্রেনে কাটা পড়ে মারা যান তানজিলা আক্তার। এদিকে দুপুরে জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশনের আউটার সিগনালের পাশে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু হয়েছে। দুই নারীর লাশ এরই মধ্যে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত অজ্ঞাতনামা ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এসব ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় পৃথক তিনটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।