বিএনপিকে হারাতে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের’ চেষ্টা করেছেন অনেক উপদেষ্টা, অভিযোগ চসিক মেয়রের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে হারানোর জন্য অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে চেয়েছেন বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেন।
আজ রোববার দুপুরে চট্টগ্রাম নগরের হালিশহর এইচ ব্লক আবাসিক এলাকায় খেলার মাঠের উন্নয়নকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন মেয়র শাহাদাত হোসেন। তিনি চট্টগ্রাম নগর বিএনপির সাবেক আহ্বায়ক।
তবে কোন কোন উপদেষ্টা এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে চেয়েছেন, তা স্পষ্ট করেননি মেয়র।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বিএনপি নেতা শাহাদাত হোসেন সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বলেন, ‘ইতিহাসের অন্যতম একটি চমৎকার নির্বাচন হয়েছে। অনেকে বলে যে বিএনপি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে। আপনাদের আমি স্পষ্ট বলতে চাই, আমি যেহেতু সরকারের একটি অংশে আছি এবং ছিলাম, আমি দেখেছি সরকারের অনেক উপদেষ্টা বিএনপিকে কীভাবে হারানো যায়, এ জন্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে চেয়েছেন।’
মেয়র শাহাদাত হোসেন আরও বলেন, ‘মহান রাব্বুল আলামিন নির্ধারিত করে রেখেছেন দেশনায়ক তারেক রহমানকে প্রধানমন্ত্রী করবেন, যার কারণে আজকে জনগণই কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে দেখিয়ে দিয়েছে যে বিএনপি কতটুকু জনপ্রিয়।’
অনেক ষড়যন্ত্রের মধ্যেও বিএনপি চট্টগ্রাম অঞ্চলের ২৩টি আসনের মধ্যে ২১টিতে জিতেছে বলে সাংবাদিকদের জানান মেয়র শাহাদাত হোসেন। তিনি বলেন, চট্টগ্রামের পলোগ্রাউন্ড ময়দানে সমাবেশ শেষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সড়কপথে যেসব এলাকা দিয়ে গেছেন, সেখানের সব আসন জিতেছে বিএনপি।
বিএনপি নেতা শাহাদাত হোসেন বলেন, ‘আমি মনে করি যে তারেক রহমান আমাদের শহীদ জিয়া ও দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান। ওনার (তারেক রহমান) যে ক্যারিশমাটিক পাওয়ার আছে, উনি যদি কুড়িগ্রাম নীলফামারী যেখানে বিএনপি ভোট কম পেয়েছে, সেখানেও যদি এভাবে হেঁটে হেঁটে, গাড়িতে করে ঘুরে ঘুরে যেতে পারতেন, ওই খানেও বিএনপি অনেক সিট (আসন) পেত।’