লক্ষ্মীপুরে বিয়েবাড়িতে মাংস কম দেওয়া নিয়ে মারামারি, আহত ৩
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় অতিথিদের মাংস কম দেওয়ার অভিযোগে বিয়েবাড়িতে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের তিনজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার কেরোয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন, বেলাল হোসেন (৪০), মো. শাহিনুর (৪০) ও মো. ইয়াসিন (২২)। এর মধ্যে বেলাল ও শাহিনুর কনেপক্ষের। আর মো. ইয়াসিন বরপক্ষের। ঘটনার পর স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখান থেকে বেলালকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, গতকাল বিয়ের অনুষ্ঠানে অতিথিরা খাবার খেতে বসলে খাবার পরিবেশন নিয়ে বরপক্ষের এক ব্যক্তির সঙ্গে কনেপক্ষের লোকজনের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এ সময় তিনজন আহত হন।
রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মামুনুর রশিদ বলেন, বিয়েবাড়িতে মারামারির ঘটনায় তিনজনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে দুজন চিকিৎসা নিয়ে চলে গেছেন। একজনকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
জানতে চাইলে কনের বাবা বলেন, ‘খাবার নিয়ে প্রশ্ন তোলাকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়েছিল। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে মারামারির ঘটনা ঘটে। দুই পক্ষকে আমি শান্ত করার চেষ্টা করেছি। খাবার পরিবেশনের আগে বর ও কনের বিয়ে সম্পন্ন হয়েছে। মেয়ে এখন আমার বাড়িতে রয়েছে। অনাকাঙ্ক্ষিত এই ঘটনা আমাদের বিব্রত করেছে।’
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘ঘটনাটি জেনেছি। এই ঘটনায় দুপক্ষের কেউ থানায় কোনো লিখিত অভিযোগ দেয়নি। বিষয়টি দুই পক্ষ স্থানীয়ভাবে মীমাংসা করবেন বলেও শুনেছি।’