মৌচাক ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মৌয়ালের

প্রতীকী ছবি

মাদারীপুরের রাজৈরে গাছে উঠে মৌচাক ভাঙতে গিয়ে এক মৌয়াল বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার বদরপাশা এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই মৌয়ালের নাম সোহাগ মাতবর (৩৫)। তিনি রাজৈর উপজেলার বদরপাশা এলাকার মৃত লতিফ মাতবরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে মধু সংগ্রহের জন্য বাসা থেকে বের হন সোহাগ। তিনি তাঁর বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে একটি বাগানে মৌচাক ভাঙতে গাছে ওঠেন। এ সময় পল্লী বিদ্যুতের একটি তারে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে একটি পুকুরে ছিটকে পড়েন তিনি। পরে স্থানীয় লোকজন মৌয়াল সোহাগকে মুমূর্ষু অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত মৌয়ালের মামা খলিল ব্যাপারী প্রথম আলোকে বলেন, ‘আমার ভাগনের ছোট্ট ছোট্ট দুই ছেলে। পরিবারে একমাত্র আয় করত সোহাগ। এখন পরিবারটি বিপদে পড়ে গেল। কোনোভাবেই আমরা সোহাগের মৃত্যুটি মানতে পারছি না।’

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, বিদ্যুৎস্পৃষ্টে এক মৌয়াল মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন। আইনি প্রক্রিয়া শেষে নিহত মৌয়ালের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।