বিএনপি বিষধর সাপ, সুযোগ পেলেই ছোবল দেবে: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে মহানগর আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। শনিবার শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে
ছবি: প্রথম আলো

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বিএনপি হলো বিষধর সাপ, সুযোগ পেলেই ছোবল মারবে। দলটির নেতারা ভালো করেই জানেন তাঁরা ভবিষ্যতেও জনগণের ভোটে ক্ষমতায় আসতে পারবেন না, তাই নানা রকম ষড়যন্ত্র শুরু করে দিয়েছেন।

শনিবার বিকেলে নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনালে ‘বিএনপি–জামায়াতের নৈরাজ্যের’ প্রতিবাদে রংপুর মহানগর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, রাজনীতিতে যাঁরা পরিত্যক্ত, সেই রাজনৈতিক টোকাইদের নিয়ে বিএনপি ৩৪–দলীয় জোট গঠন করেছে। সেই জোট নিয়ে দিনের বেলা পদযাত্রা, পদভ্রমণ আর রাতে বিদেশি কূটনীতিকদের পদলেহন করছে। তারা (বিএনপি) ডান–বাম নিয়ে বহুবার জোট গঠন করেছে। কিন্তু জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কাছে প্রতিবারই পরাজিত হয়েছে।

বিএনপির অপচেষ্টা রুখে দিতে আওয়ামী লীগ শান্তি সমাবেশ করছে মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির সন্ত্রাসীরা আওয়ামী লীগের শান্তি সমাবেশেও হামলা করছে। বিএনপিকে বলতে চাই, আওয়ামী লীগের একটি নীতি আছে, কেউ খোঁচা দিলে নেতা–কর্মীরা জেগে ওঠে। তাই আমাদের খোঁচা দেবেন না। তাহলে খবর আছে।’

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি মনে করেছিল, তাদের সংসদ সদস্যরা পদত্যাগ করলে সরকার পড়ে যাবে। তাদের বলতে চাই, তাদের পদত্যাগে আওয়ামী লীগের কাতুকুতু লেগেছে, তা ছাড়া কিছুই হয়নি। বরং উপনির্বাচন করে সবাই শপথও নিয়েছে। বিএনপির পদত্যাগ করা সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার পুনরায় নির্বাচন করে এখন সংসদ সদস্য। তাই বিএনপিকে বলব, আগামীতে যদি নির্বাচন বর্জন করার পথ নেন, তাহলে শত শত উকিল আবদুস সাত্তার রেডি হয়ে আছে নির্বাচনের জন্য। প্রস্তুত আছে নাজমুল হুদার দলও। তাই সাবধান হয়ে যান।’

রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম।

বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, সদস্য সফুরা খাতুন, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সংসদ সদস্য ডিউক চৌধুরী, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছায়াদত হোসেন (বকুল), যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী (বাবুল) ও আনোয়ারুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি সাফিউর রহমান (সফি), সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল প্রমুখ।