কুড়িগ্রামের যাত্রাপুর হাট
ছোট গরুর দাম এবার চড়া
যাত্রাপুর ইউনিয়নের দুধকুমার, ব্রহ্মপুত্র নদের মিলিত স্থানের পাশেই বিশাল এলাকাজুড়ে এই হাটের অবস্থান।
আসন্ন কোরবানির ঈদ কেন্দ্র করে কুড়িগ্রামের বৃহত্তম গরু-ছাগল বেচাকেনার যাত্রাপুর হাট জমে উঠেছে। সরেজমিন, খামারি ও ব্যাপারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার হাটে অপেক্ষাকৃত ছোট গরুর চাহিদা বেশি। ফলে এই আকৃতির দামও একটু চড়া। বাইরের ব্যাপারীরা না আসায় বড় গরুর চাহিদা কম। দাম তুলনামূলক কম হওয়ার পরও বড় গরু বিক্রি হচ্ছে কম।
প্রতি সপ্তাহে শনি ও মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা এই পশুর হাট বসে। কুড়িগ্রাম জেলা সদরের যাত্রাপুর ইউনিয়নের দুধকুমার, ব্রহ্মপুত্র নদের মিলিত স্থানের পাশেই বিশাল এলাকাজুড়ে এই হাটের অবস্থান। গতকাল শনিবার যাত্রাপুর হাটে গিয়ে দেখা যায়, ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে হাট সরগরম হয়ে উঠেছে। সীমান্তবর্তী জেলা হওয়ায় প্রতিবছর কোরবানির সময় যাত্রাপুর হাটে চোরাই পথে ভারতীয় গরু ওঠে। তবে এবারে ভারতীয় এখনো আসেনি। এ বিষয়ে স্বস্তি প্রকাশ করেন কৃষক ও খামারিরা।
যাত্রাপুর হাট পশুর হাটের একদিকে শেড ঘরে খামারিদের বড় বড় গরু রাখা হয়েছে। অন্যদিকে খোলা আকাশের নিচে কৃষকদের ছোট গরু ও মাঝারি আকারের গরু।
বেলা দুইটার সময় পশুর হাটের প্রবেশমুখে একটি ষাঁড়ের দড়ি ধরে কয়েকজনকে টানাটানি করতে দেখা যায়। যাত্রাপুর হাটে বিক্রি করতে আসা প্রান্তিক কৃষকদের কাছ থেকে হাটের বাইরে কম দামে গরু কিনে বেশি দামে বিক্রি করাই তাঁদের পেশা, যাঁরা দালাল নামে পরিচিত। গরুর মালিক নাগেশ্বরী উপজেলার ভেড়ামারা চরের নুর আমিন (৩৪)। দালালদের হাত থেকে গরুর দড়ি কেড়ে নিয়ে তিনি বলেন, ‘কোরবানির হাটে বিক্রির জন্য দুটি গরু বাসায় লালন-পালন করেছি। হাটে বিক্রির জন্য একটা এনেছি।
হাটে অতিরিক্ত হাসিল আদায় হচ্ছে। ঈদের হাট উপলক্ষে গরুপ্রতি ইজারাদার ২০০ টাকা বেশি নিচ্ছেন।
পরের হাটে আরেকটা বিক্রি করব। কিন্তু নৌকা থেকে গরু নামানোর পর দালাল ঘিরে ধরেছে। আমি ১ লাখ ২৫ হাজার টাকা দাম চেয়েছি। দালালেরা ৯৫ হাজার টাকা দেওয়ার কথা বলে গরুর দড়ি ধরে টানাটানি শুরু করে দিয়েছেন। দালালের কাছে গরু বিক্রি করব না, লাভ-লোকসান যা-ই হোক না কেন।’
ভূরুঙ্গামারী উপজেলা থেকে গরু কিনতে আসা ছপিয়াল ব্যাপারী বলেন, ‘যাত্রাপুর হাটে গরুর দাম তুলনামূলক কম থাকে। যাত্রাপুর হাটে গরু কিনে লালমনিরহাটের বড়বাড়ি হাটে বিক্রি করি। এতে সামান্য কিছু টাকা লাভ হয়। কিন্তু এবারে ছোট গরুর (ওজন ১০০ কেজি) দাম একটু বেশি। গত বছর যে গরু ৮০ হাজার টাকায় কিনতে পেরেছি, এবারে সেই গরুর দাম চাচ্ছে ১ লাখ ৪০ হাজার টাকা।’
ছপিয়াল ব্যাপারী অভিযোগ করেন, এই হাটে অতিরিক্ত হাসিল আদায় হচ্ছে। ঈদের হাট উপলক্ষে গরুপ্রতি ইজারাদার ২০০ টাকা বেশি নিচ্ছেন।
মেকুরের আলগার চরের কৃষক মোন্নাফ আলী বলেন, ‘সাড়ে তিন মণ ওজনের দুটি ষাঁড় গরু বিক্রি করতে এনেছিলাম। নৌকাঘাটেই ৮৫ হাজার টাকা করে বিক্রি করেছি। ছোট গরু কেনার মানসের (মানুষের) অভাব নাই। হাটত আনার আগেই বিক্রি হয়া যায়।’
নাগেশ্বরীর নারায়ণপুর থেকে গরু বিক্রি করতে এসেছেন ব্যাপারী নুরনবী মিয়া। তিনি বলেন, ‘গ্রামে গ্রামে ঘুরে কৃষকদের কাছ থেকে গরু কিনে যাত্রাপুর হাটে বিক্রি করি। কিন্তু এবার গ্রামেই বেশি দামে গরু কিনতে হচ্ছে। ছয়টি বড় গরু এনেছিলাম। বড় গরুর ক্রেতা কম। মাত্র দুটি গরু বিক্রি করতে পেরেছি। দূরের ব্যবসায়ীরা এখনো আসেননি।’
যাত্রাপুর হাটের ইজারাদের অংশীদার আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, এবার ভারতের গরু আসেনি। দেশি গরুর দাম চড়া। অতিরিক্ত হাসিল আদায়ের বিষয়ে তিনি বলেন, ‘সরকার-নির্ধারিত গরুর হাসিল ৫০০ টাকা ও ছাগল-ভেড়ার ২৫০ টাকা। আমরা ক্রেতার কাছ থেকে গরুপ্রতি ৭০০ টাকা এবং ছাগলপ্রতি ৫০০ টাকা আদায় করছি। অতিরিক্ত টাকা শুধু ঈদের আগের তিন হাট নেওয়া হবে।’
জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, কোরবানির ঈদের হাট উপলক্ষে বেশি টাকা আদায়ের বিষয়টি তাঁর জানা নেই। নিয়মের বাইরে গিয়ে বেশি টাকা আদায়ের কোনো সুযোগও নেই। উপজেলা প্রশাসনের মাধ্যমে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।