চট্টগ্রামে ছয় দিনে মধ্যপ্রাচ্যের ৫০টি ফ্লাইট বাতিল

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরছবি: বিমানবন্দর কর্তৃপক্ষের সৌজন্যে

ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলার জেরে চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যের দুবাই, আবুধাবি, শারজাসহ বিভিন্ন গন্তব্যের একের পর এক ফ্লাইট বাতিল হচ্ছে। আজ বৃহস্পতিবার আরও চারটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। এ নিয়ে গত শনিবার থেকে আজ পর্যন্ত ছয় দিনে মোট ৫০টি ফ্লাইট বাতিল হলো।

বিমানবন্দরের তথ্য অনুযায়ী, শনিবার তিনটি বহির্গমন ফ্লাইট ও তিনটি আগমনী ফ্লাইট বাতিল হয়। এর পর থেকে গতকাল বুধবার পর্যন্ত ৫০টি ফ্লাইট বাতিল হয়েছে। সবচেয়ে বেশি, ১১টি বাতিল হয়েছে গতকাল। মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিল হলেও দেশের অভ্যন্তরীণ ফ্লাইটগুলো স্বাভাবিক রয়েছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থার কারণে দুবাই, আবুধাবি, শারজা ও দোহার একাধিক এয়ারফিল্ড সাময়িকভাবে বন্ধ রয়েছে। এর ফলে ফ্লাইট পরিচালনায় বিঘ্ন সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট চলাচলও স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।