নাজমুলের সব সবজির একই দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রাকে করে সবজি বিক্রিতে ব্যস্ত নাজমুল হক। ১৫ নভেম্বর রাজশাহীর চারঘাট বাজারের পাশে
ছবি: প্রথম আলো

রাস্তার ওপর ছোট ট্রাকটি ঘিরে মানুষের জটলা। কেউ বরবটি হাতে, কেউ করলা, কেউবা ফুলকপি, বাঁধাকপি হাতে নিয়ে বেরিয়ে আসছেন হাসিমুখে। কাছে গিয়ে দেখা গেল, এক ব্যক্তি ডিজিটাল নিক্তির সামনে বসে সবজি মাপছেন। দুই ব্যক্তি ট্রাকের ওপর দাঁড়িয়ে যাঁর যাঁর চাহিদামতো সবজি এগিয়ে দিচ্ছেন। জানা গেল, ট্রাকের সব সবজি বিক্রি হচ্ছে একই দামে, ৩০ টাকা কেজি। অথচ পাশেই চারঘাট বাজারে এসব সবজি ৬০-৭০ টাকায় বিক্রি হচ্ছিল।

বিক্রেতার দাবি, এগুলো তাঁর নিজের ও অন্যের খেতের সবজি। কোনো রাসায়নিক সার, কীটনাশক ছাড়াই এগুলো ফলিয়েছেন তাঁরা। ট্রাকটিও তাঁর নিজের। নিজেই চালিয়ে এসেছেন বাড়ি থেকে। চার বছর ধরে পথে পথে ট্রাক থামিয়ে এভাবে বিষমুক্ত সবজি বিক্রি করে আসছেন। এই সবজিচাষির নাম নাজমুল হক (৩৫)। বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলার ছোট ধাদাস গ্রামে।

১৫ নভেম্বর সকালে রাজশাহীর চারঘাট বাজারের পাশে ট্রাকে সবজি বিক্রির ফাঁকে কথা হয় তাঁর সঙ্গে। জানালেন, সীমিত আয়ের মানুষদের খানিকটা স্বস্তি দিতেই তাঁর এই উদ্যোগ। পাইকারি দামে খুচরা ক্রেতাদের কাছে সবজি বিক্রি করেন তিনি। ‘লাভ না হোক, খরচের ট্যাকা উইটি (উঠে) আসলেই আমি খুশি। তবে লস (লোকসান) হয় না,’ বললেন নাজমুল।

কেন এই উদ্যোগ

পুঠিয়ার ছোট ধাদাস গ্রাম রাজশাহী শহর থেকে ২০ কিলোমিটার পূর্বে। দরিদ্র কৃষক পরিবারে বড় হয়েছেন নাজমুল। অভাব–অনটনে লেখাপড়াটা বেশি দূর এগোয়নি। নবম শ্রেণি পর্যন্ত পড়েছেন। সংসারে স্ত্রী, তিন ছেলে তাঁর। পৈতৃক সূত্রে পাওয়া তিন বিঘা জমিতে সবজি চাষ শুরু করেছিলেন। পাইকারেরা খেত থেকেই সবজি কিনে নিয়ে যেতেন। কিন্তু নাজমুল বাজারে গিয়ে দেখতেন, তিনি যে দামে সবজি বিক্রি করেছেন, তার দ্বিগুণ দামে খুচরায় বিক্রি হচ্ছে। দাম বেশি থাকায় সীমিত আয়ের মানুষ হিমশিম খাচ্ছেন। এটা তাঁর খারাপ লাগত। তিনি নিজেও প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে বিপাকে পড়েন। তখনই সিদ্ধান্ত নেন, তাঁর খেতের সবজি তিনি নিজেই ক্রেতাদের কাছে বিক্রি করবেন। এতে কিছু মানুষ অন্তত উপকৃত হবে, স্বস্তি পাবে।

২০১৭ সালের দিকে শুরুটা করলেন চাচা কুদরত আলী, প্রতিবেশী আবদুল হান্নান ও হানিফের জমির সবজি দিয়ে। পাশাপাশি গ্রামের গৃহস্থদের বাড়িতে যাঁরা বিষমুক্ত সবজি চাষ করেন, তাঁদের তিনি এই কেনাবেচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করেন। তিনি দুর্গাপুর উপজেলার কানপাড়া, পবা উপজেলার বিদিরপুর, নওহাটা, খড়খড়ি বাইপাস, নাটোরের সিংড়ার মহেষপুর ও পাবনার খলিলপুর এলাকা থেকে গৃহস্থদের উৎপাদিত সবজি কিনে আনেন। তবে কীটনাশক দেওয়া সবজি নাজমুল নেন না। তিনি সবজির চেহারা দেখলেই বুঝতে পারেন, কোনটায় কীটনাশক দেওয়া, কোনটায় নেই।

কম দামে সবজি বেচতে গিয়ে বিপদেও পড়েছেন বহুবার। চারঘাটের নন্দনগাছী বাজারের ব্যবসায়ীরা একবার তাঁর দাঁড়িপাল্লা কেড়ে নিয়েছিলেন। পরে বাজারের সাধারণ ক্রেতারা তাঁর দাঁড়িপাল্লাটি উদ্ধার করে দিয়েছিলেন। সাধারণ ক্রেতারা তাঁর পক্ষে থাকেন বলেই এখনো তিনি ওই বাজারে সবজি বিক্রি করতে যান। বাজারের ইজারাদারও তাঁর কাছ থেকে খাজনা কম নেন বলে জানালেন নাজমুল।

বছর চারেক আগে নাজমুল সাড়ে আট লাখ টাকায় ছোট ট্রাকটি কেনেন। নিজেই সেই ট্রাক চালিয়ে বাজারে নিয়ে যান সবজি। অন্য মৌসুমে তিনি ট্রাকটি অন্য ফসল বেচাকেনার কাজে ব্যবহার করেন।

বিষমুক্ত সবজি

নাজমুলের দাবি, তিনি সবজিখেতে কোনো রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করেন না। জমিতে সার হিসেবে জৈব সার ব্যবহার করেন। আর নিমপাতার রস ও পেঁয়াজ থেকে জৈব বালাইনাশক তৈরি করে ব্যবহার করেন। নিজের জমির সবজি শেষ হয়ে গেলে প্রতিবেশীদের কাছ থেকে সবজি নিয়ে যান। একইভাবে সেই সবজি বেচার টাকা পৌঁছে দেন তাঁদের কাছে। তবে যাঁরা তাঁর মতো বিষমুক্ত সবজি চাষ করেন, কেবল তাঁদের ফসলই তিনি ট্রাকে তোলেন।

১৫ নভেম্বর সকালে নাজমুল চারঘাট বাজারের পাশে ১৩ মণ ফুলকপি, ৩ মণ বাঁধাকপি, ৫ মণ পটোল, সাড়ে ৪ মণ করলা, দেড় মণ বরবটি ও সাড়ে ৩ মণ ঢ্যাঁড়স নিয়ে গিয়েছিলেন। তাঁর সব সবজির একই দর, ৩০ টাকা কেজি। যাঁর যেটা পছন্দ, সেটাই বেছে নিচ্ছেন। এতে কোনো আপত্তি নেই নাজমুলের। তবে সময় ও অবস্থাভেদে তাঁর সবজির দামও ওঠানামা করে। সপ্তাহে প্রতিদিনই ট্রাকে সবজি নিয়ে বের হন। যেদিন যেখানে বাজার থাকে, সেখানে ট্রাক নিয়ে যান। বাজারের পাশে রাস্তার ওপর ট্রাকে বসেই বিক্রি করেন সবজি। এ কাজে সাহায্য করেন দুই ব্যক্তি।

সবজির দাম কীভাবে ঠিক হয়—এমন প্রশ্নের জবাবে নাজমুল বলেন, যেদিন যে বাজারে যান, সেই বাজারে সবজির দাম দেখে তিনি তাঁর পণ্যের দাম নির্ধারণ করেন।

নাজমুলের ট্রাক থেকে সবজি বেছে নিচ্ছিলেন চারঘাট সদরের ইব্রাহিম (৬০)। এক হাতে বরবটি, আরেক হাতে করলা বেছে নিচ্ছেন। তিনি বললেন, এর আগেও এই ট্রাক থেকে তিনি সবজি কিনেছেন। তাঁর সবজি ভালো, দামেও কম।

সকালে সবজিভরা ট্রাক দুপুরে এসে ফাঁকাই পাওয়া গেল। হাতে করে ফুলকপি নিয়ে যাচ্ছিলেন চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী রাশেদুল ইসলাম। তিনি বললেন, এর আগেও নাজমুলকে তিনি সরদা বাজারে পেয়েছিলেন। তখনো সবজি কিনেছিলেন। তাঁর সব সবজির দাম একই রকম থাকে।

নাজমুলের এমন কর্মকাণ্ডকে দৃষ্টান্ত বলছেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রাজশাহীর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ যদি আরও কেউ নেন, তাহলে বাজারে দ্রব্যমূল্য হুটহাট বেড়ে যাওয়ার সুযোগ থাকবে না। ভোক্তারা ন্যায্য মূল্যে পণ্য কিনতে পারবেন।