বিপণিবিতানের ৬ তলার ছাদ থেকে ‘লাফ দিলেন’ তরুণ
ঈদের ছুটির পর বিপণিবিতানের দোকানপাট খুলতে ব্যস্ত দোকানিরা। এর মধ্যেই বিপণিবিতানে ঢুকে পড়েন এক তরুণ। সিঁড়িতে থাকা দোকানিদের ধাক্কা দিয়েই উঠে যান ছয়তলা ভবনটির ছাদে। এরপর ‘লাফ দেন’ ছাদ থেকে।
আজ রোববার সকাল ১০টার দিকে চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার গুলজার টাওয়ারে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় ওই তরুণকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ ও দোকানিদের দাবি, ওই যুবক মানসিক ভারসাম্যহীন।
ঈদের পর আজই বিপণিবিতানটি খুলেছে জানিয়ে গুলজার টাওয়ার দোকান মালিক সমিতির সভাপতি শাখাওয়াত রাহুল বলেন, ওই ব্যক্তি হঠাৎ ছাদে উঠে লাফ দেন। তাঁকে আটকানোর চেষ্টা করেও দোকানিরা ব্যর্থ হয়েছেন। তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, গুরুতর আহত অবস্থায় ওই তরুণকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁকে নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। তাঁর আনুমানিক বয়স ২১ থেকে ২২ বছর।
জানতে চাইলে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজের খান প্রথম আলোকে বলেন, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। পরিচয় শনাক্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং থানার একজন উপপরিদর্শক (এসআই) হাসপাতালে আছেন। পরিচয় নিশ্চিত হলে তাঁর বিষয়ে বিস্তারিত জানানো যাবে।