আর্জেন্টিনা জিতলে বিশেষ ছাড়ে ডিম বিক্রি করবেন জাকির

মেসি ভক্ত জাকির হোসেন
ছবি: সংগৃহীত

জাকির হোসেনের (৩৬) বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার কুচিয়ামোড়া গ্রামে। গ্রামের বাজারে তাঁর ডিমের আড়ত রয়েছে। আর্জেন্টিনা ফুটবল দলের ভক্ত এই জাকির হোসেন বিশ্বকাপ ফাইনাল খেলা নিয়ে বেশ উত্তেজিত। এবার যদি আর্জেন্টিনা বিশ্বকাপ জেতে, তাহলে আগামীকাল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি ডিম বিক্রিতে বিশেষ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছেন।

প্রতি খাচি (৩০টি) ডিম ন্যায্যমূল্যে বিক্রিতে এক হালি (৪টি) ডিম বিনা মূল্যে দেওয়ার ঘোষণা দিয়েছেন জাকির। শুধু মেসিকে ভালোবাসেন বলেই তিনি এলাকার মানুষের জন্য এ সুযোগ করে দেবেন। ইতিমধ্যে আড়ত সাজিয়েছেন জাকির। ডিমও কিনে রেখেছেন।

এ বিষয়ে মুঠোফোনে কথা হয় জাকিরের সঙ্গে। কথায় কথায় জানা যায়, সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন জাকির। এরপর আর হয়ে ওঠেনি। ফুটবল খেলা ও দেখা নেশা। ছোটবেলা থেকেই তিনি আর্জেন্টিনার ভক্ত। বাজারে সপ্তাহে দুই দিন তিনি মাছ বিক্রি করেন। বাকি পাঁচ দিন আড়তে ডিম বিক্রি করেন। এভাবেই তাঁর সংসার চলে। পরিবারে আছে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে।

এবারের বিশ্বকাপের প্রায় প্রতিটি খেলা দেখেছেন জাকির। আর্জেন্টিনার একটি খেলাও দেখা বাদ দেননি। ২০১৪ সালের বিশ্বকাপ না পাওয়ায় খুবই কষ্ট পেয়েছিলেন। সেই কষ্ট ভুলতে চান। এবার আর্জেন্টিনার ঘরে কাপ দেখার স্বপ্ন দেখছেন জাকির। তিনি বলেন, এবারের মেসি অন্য রকম মেসি। এবার জিতবেই জিতবে। ফাইনাল খেলা দেখার জন্য দোকানে বড় পর্দার ব্যবস্থা করছেন জাকির। আজ রোববার ডিম বিক্রি বিকেলের মধ্যে শেষ করে ফেলেছেন।

জাকির বলেন, ‘মেসির হাতে রাতে কাপ দেখলে সকাল থেকেই আড়তে বিশেষ ছাড়ে ডিম বিক্রি করব। একটি পরিবার মাত্র এক খাচি ডিম কিনতে পারবে। তাদেরকে এক হালি ডিম বিনা মূল্যে দেওয়া হবে। যতক্ষণ আড়তে ডিম থাকবে, ততক্ষণ বিক্রি চলবে।’