প্রবাসী আকবরের লাশ বাঁশখালীতে, ছেলেমেয়ে বুঝতে পারছে না—বাবা আর নেই
উঠানে রাখা কাঠের কফিন। পাড়ার প্রতিবেশী কয়েকজন মিলে হাতুড়ি-শাবল দিয়ে সে কফিন খোলার চেষ্টা করছেন। উঠানজুড়ে স্বজনদের আহাজারি। ওমানে নিহত প্রবাসী আলী আকবর চৌধুরীর লাশ গতকাল শুক্রবার রাত ১১টার দিকে বাঁশখালীতে তাঁর গ্রামের বাড়িতে এসে পৌঁছায়। এ সময় তাঁর দুই সন্তানও পাশেই ছিল।
১৩ সেপ্টেম্বর ওমানের মাতারগা এলাকায় মাছ ধরার ট্রলার দুর্ঘটনায় মারা যান আলী আকবর। ওমানের দুগুম হাসপাতালে রাখা হয় আলী আকবরের লাশ। সেখান থেকে বিভিন্ন প্রক্রিয়া শেষে গতকাল রাতে দেশে এনে লাশ দাফন করা হয়।
আলী আকবরের ছোট ভাই রমজান আলী চৌধুরী বলেন, ভাইয়ের দুই ছেলেমেয়ে এখনো বুঝতে পারছে না, তাদের বাবা আর নেই। শুধু নির্বাক চোখে তাকিয়ে আছে।
আলী আকবর চৌধুরী (৩১) বাঁশখালীর বাহারচরা ইউনিয়নের রত্নপুর গ্রামের ফতেহ আলী চৌধুরী বাড়ির মৃত নুরুল ইসলাম চৌধুরীর ছেলে। তাঁর স্ত্রী জান্নাতুল ফেরদৌস বলেন, ‘ছয় বছরের সংসারে আমাদের দুই সন্তান। পাঁচ বছর বয়সী মেয়ে জান্নাতুল মাওয়া ও দুই বছর বয়সী ছেলের নাম হাবিবুল। এত অল্প বয়সে তারা বাবাকে হারাবে, তা কখনো ভাবিনি। অবুঝ দুই সন্তানের দিকে তাকাতে গেলে বুকটা ভেঙে যায়। মানুষটা আমাদের বড় অসহায় রেখে চলে গেল।’
নিহত আলী আকবর চৌধুরীর পারিবারিক সূত্র জানায়, দীর্ঘ ১২ বছর ধরে ওমানে বিভিন্ন চাকরি করে জীবিকা নির্বাহ করে আসছিলেন আলী আকবর। ভিসা জটিলতার কারণে বেকার হয়ে পড়েন তিনি। পরে মাছ ধরার ট্রলারে কাজ নেন। কাজ করতে গিয়ে ট্রলারের সুকান ভেঙে সাগরে পড়ে ট্রলারের পাখায় আঘাত পেয়ে তিনি মারা যান।