বেকারি, মিষ্টান্ন ভান্ডার ও হাসপাতালকে জরিমানা
নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন প্রকার খাদ্যসামগ্রী তৈরি করে আসছিল প্রতিষ্ঠানটি। খবর পেয়ে সেখানে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল। অভিযোগের সত্যতা মেলায় খুলনার বটিয়াঘাটা উপজেলার বেকারি প্রতিষ্ঠানটিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন অভিযোগে আর্থিক জরিমানা করা হয়েছে মিষ্টান্ন ভান্ডার, হাসপাতালসহ আরও চারটি প্রতিষ্ঠানকে।
জরিমানা করা পাঁচটি প্রতিষ্ঠানই বটিয়াঘাটা উপজেলার বাইনতলা এলাকার। আজ মঙ্গলবার বাজার তদারক কার্যক্রম পরিচালনার সময় বিভিন্ন অপরাধে ৫ প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম ওই অভিযান পরিচালনা করেন। শিকদার শাহীনুর বলেন, ‘আমরা প্রতিনিয়ত বিভিন্ন বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালাচ্ছি। কোনো অসংগতি ধরা পড়লে জরিমানা করা হচ্ছে। এসব অভিযান অব্যাহত থাকবে।’
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয় সূত্র জানায়, সকাল থেকে দুপুর পর্যন্ত বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন এলাকার বাজারে তদারক করা হয়। উপজেলার বাইনতলা এলাকায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি খাদ্য তৈরি এবং সংরক্ষণ করায় সাথী বেকারিকে পাঁচ হাজার টাকা, গায়ে মূল্য না লেখা বিদেশি কসমেটিকস রাখায় বিকাশ কসমেটিকসকে পাঁচ হাজার টাকা, মূল্যতালিকা না থাকায় হাফিজুল মিষ্টান্ন ভান্ডারকে দুই হাজার টাকা, প্রতিশ্রুত সেবা না দেওয়ায় নোভা হসপিটালকে পাঁচ হাজার টাকা এবং সয়াবিন তেলের বোতলের মূল্য মুছে ফেলায় মুজাহিদ স্টোরকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ, মূল্যতালিকা প্রদর্শন করতে অনুরোধ জানানো হয় এবং সচেতন করতে লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়। অভিযান পরিচালনাকালে ক্যাবের প্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।