কুমারখালীর দিশাহারা সেই বৃদ্ধ দম্পতির মুখে হাসি, পেলেন নতুন ভ্যান
কুষ্টিয়ার কুমারখালীতে ভ্যান চুরির ঘটনায় দিশাহারা অসহায় বৃদ্ধ দম্পতিকে একটি নতুন ভ্যান তৈরি করে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র প্রবাসী এক ব্যক্তি ও কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সহযোগিতায় এই ভ্যান দেওয়া হয়। গত বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের মাধ্যমে বৃদ্ধের কাছে ভ্যানটি হস্তান্তর করেন স্থানীয় যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান।
ভুক্তভোগী দম্পতি হলেন মনোব্বর শেখ (৬৫) ও ছকিনা খাতুন (৫৪)। তাঁরা কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামের বাসিন্দা। নতুন ভ্যান পেয়ে খুশি ওই বৃদ্ধ দম্পতি।
গত ১৮ ফেব্রুয়ারি ভোরে নিজ বাড়ি থেকে বৃদ্ধের ভ্যানটি চুরি হয়ে যায়। খোঁজাখুঁজি করে না পেয়ে কুমারখালী থানায় লিখিত অভিযোগ দেন মনোব্বর। উপার্জনের একমাত্র অবলম্বন ভ্যানটি হারিয়ে স্ত্রী, দুই ছেলে, নাতিসহ ছয় সদস্যের পরিবার দিশাহার হয়ে পড়ে। এ নিয়ে গত ২৬ ফেব্রুয়ারি প্রথম আলো অনলাইনে ‘উপার্জনের একমাত্র অবলম্বন হারিয়ে দিশাহারা বৃদ্ধ দম্পতি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়।
বিষয়টি যুক্তরাষ্ট্র প্রবাসী এক ব্যক্তির নজরে এলে তিনি ৪৮ হাজার টাকা পাঠান। এ ছাড়া উপজেলা প্রশাসন আরও ১০ হাজার টাকা দিলে ৫৮ হাজার টাকা দিয়ে একটি নতুন ভ্যান তৈরি করে।
মনোব্বর শেখের স্ত্রী ছকিনা খাতুন বলেন, ‘নেটে (অনলাইন) খবর হওয়ার পর বিদেশ থেকে একজন টাকা পাঠায়ছে। নতুন ভ্যান বানায়ছে। এতেই আমরা খুব খুশি।’ মনোব্বর শেখ বলেন, ‘শরীরে হাঁপানি, অ্যাজমা, শ্বাসকষ্টসহ নানান রোগ। তবু সংসার চালানির জন্যিই ভ্যানডা চালাতি হয়। ভ্যান হারিয়ে কিছুদিন পাগলের মতো বেড়ায়ছি। এত তাড়াতাড়ি ভ্যানের ব্যবস্থা হবে ভাবতিই পারিনি।’
অসহায় দম্পতির পাশে দাঁড়ানো যুক্তরাষ্ট্র প্রবাসীর নাম সাহেদ। নিজের বিস্তারিত পরিচয় প্রকাশ না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আমরা তো বাইরে থাকি। ওইভাবে মানুষের পাশে দাঁড়াতে পারি না। তাই অনলাইনে খবর পড়ে মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়িয়েছি। অন্যকে সাহায্য করা মানে নিজেকে সাহায্য করা। মানুষ হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার বলেন, অনলাইনে খবর প্রকাশের পর একজন প্রবাসী প্রায় ৪৮ হাজার টাকা মানবিক সহায়তা প্রদান করেছেন। তাঁর সঙ্গে আরও কিছু টাকা যোগ করে বৃদ্ধকে একটি নতুন ভ্যান উপহার দেওয়া হয়েছে। এ ধরনের ঘটনায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন।