রাজশাহীতে ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

‘তিতুমীর এক্সপ্রেস’ নামের ট্রেনটির দুটি চাকা রেললাইনের বাইরে চলে গেছে। আজ সকালে তোলাছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পুঠিয়ার বেলপুকুর এলাকায় ‘তিতুমীর এক্সপ্রেস’ ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার করা হয়েছে। এতে প্রায় ৫ ঘণ্টা পর সারা দেশের সঙ্গে রাজশাহী ও পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ সচল হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে রাজশাহী-চিলাহাটি রুটে চলাচলকারী আন্তনগর ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। পরে এটি উদ্ধার ও প্রয়োজনীয় সংস্কার কাজ শেষে বেলা পৌনে ১২টার দিকে এ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে সকালে রাজশাহী থেকে ছেড়ে আসার কিছুক্ষণ পর বেলপুকুরে লাইনচ্যুত হয় ট্রেনটি। ট্রেনটির একটি বগির দুই চাকা রেললাইনের বাইরে চলে যায়। পরে উদ্ধার তৎপরতা চালানো হয়।

রাজশাহী রেলওয়ে স্টেশন ব্যবস্থাপক মঈন উদ্দিন (আজাদ) বলেন, রাজশাহী স্টেশন থেকে ছেড়ে যাওয়া দিনের প্রথম ট্রেন এটি। ফলে আজ সকাল থেকেই রাজশাহী স্টেশন থেকে অন্য ট্রেনের চলাচল বন্ধ হয়ে যায়। রাজশাহী স্টেশনে বনলতা এক্সপ্রেস ও সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন আটকে পড়ে। ট্রেন দুটি সকাল সাতটায় ও সাড়ে সাতটার দিকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। পৌনে ১২টার দিকে রেলপথটিতে ট্রেন চলাচল শুরু হয়েছে। প্রথমে বনলতা এক্সপ্রেস ট্রেন চালু হয়। পর্যায়ক্রমে সব ট্রেন চলাচল শুরু করা হবে। তবে উদ্ধার করা তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি পরে চালু হবে। বেলা ১১টার দিকে এটি উদ্ধারের পর বগিগুলো আড়ানি স্টেশনে রাখা হয়েছে।

ট্রেন চলাচলে বিঘ্ন হওয়ায় দিনের শুরুতেই ভোগান্তিতে পড়েন সংশ্লিষ্ট যাত্রীরা। বনলতা এক্সপ্রেস ট্রেনের যাত্রী রায়হান আলী জানান, রাজধানী ঢাকায় যাওয়ার জন্য সকাল সাড়ে ৬টায় স্টেশনে আসেন। পরে শুনতে পান ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে তাঁদের গন্তব্যে যেতে সমস্যায় পড়তে হবে। আজ দুপুরের মধ্যে তাঁদের ঢাকায় পৌঁছানোর কথা ছিল।