কোদাল দিয়ে কুপিয়ে স্ত্রীকে খুন, স্বামী আটক
চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারীতে কোদাল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামীকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকালে দোহাজারী পৌরসভার উল্লাহপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম নুর হাবা (২৫)। তাঁর স্বামীর নাম মো. সেলিম (২৪)। তাঁরা দুজনই রোহিঙ্গা নাগরিক। তবে দুজন দোহাজারী পৌরসভার উল্লাহপাড়া এলাকায় আইয়ুব আলী সওদাগরের বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, সকালে মো. সেলিম কোদাল নিয়ে কাজে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। কিছুক্ষণ পর তিনি আবার বাসায় ফিরে দেখেন তাঁর স্ত্রী দরজা বন্ধ করে বাইরে যাচ্ছেন। এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়ার একপর্যায়ে স্বামী সেলিম কোদাল দিয়ে স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। পরে স্থানীয় বাসিন্দারা আহত নুর হাবাকে উদ্ধার করে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।
আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে মো. সেলিমকে পুলিশ আটক করা হয়েছে। এ বিষয়ে মামলাসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।