ঈদের দিন নিখোঁজ, দুই দিন পর কুমিল্লায় মিলল চাঁদপুরের ব্যবসায়ীর লাশ

চাঁদপুরের কচুয়া বাজারের সার ব্যবসায়ী নুরুল ইসলামছবি: সংগৃহীত

চাঁদপুরের কচুয়া বাজারের সার ব্যবসায়ী নুরুল ইসলাম (৭০) নিখোঁজ হওয়ার দুই দিন পর কুমিল্লার একটি ধানখেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে।

কচুয়া থানা সূত্রে জানা গেছে, ঈদের দিন নুরুল ইসলাম নিজ গ্রাম তুলপাই কেন্দ্রীয় ঈদগাহ থেকে নিখোঁজ হন। পরে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। গতকাল শনিবার বিকেলে কুমিল্লা সদর দক্ষিণ থানার শ্রীনিবাস পূর্বপাড়া হাইওয়ের পূর্ব পাশের একটি ধানখেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্বজন ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নুরুল ইসলামকে পরিকল্পিতভাবে অপহরণের পর হত্যা করা হয়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আজিজ বলেন, নিহত ব্যক্তিকে উদ্ধারের পর পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিখোঁজ হওয়ার ঘটনা ও হত্যাকাণ্ডের পেছনে কোনো পূর্বশত্রুতা বা অপরাধী চক্র জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে স্থানীয় থানা-পুলিশ ও গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে।