কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিদিশা

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে বিদিশা সিদ্দিক মুক্তি পেয়েছেন। মঙ্গলবার বিকেলে

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিনে মুক্তি পেয়েছেন। আজ মঙ্গলবার বিকেল সোয়া পাঁচটার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘মঙ্গলবার সকালে বিদিশার জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। যাচাই-বাছাই শেষে বিকেল সোয়া পাঁচটার দিকে তাঁকে মুক্তি দেওয়া হয়।’

গত ২৫ আগস্ট রাতে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁ থেকে প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত বিদিশাকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাঁকে আদালতে হাজির করা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর পর থেকে তিনি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে ছিলেন।

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে করা ওই মামলায় গত ২০ মে বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। রায়ে আদালত কারাদণ্ডের পাশাপাশি বিদিশাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন। রায়ের দিন অনুপস্থিত থাকায় বিদিশার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছিলেন আদালত।

আরও পড়ুন

বিচারিক আদালতের দণ্ডাদেশের ওই রায়ের বিরুদ্ধে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আপিল করেন বিদিশা। পাশাপাশি জামিন চেয়ে আবেদন করেন তিনি। শুনানি নিয়ে ২ সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির জামিন আবেদন নাকচ করে দেন।

বিদিশা সিদ্দিকের করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ গত রোববার জামিন মঞ্জুর করেন।

আরও পড়ুন