চাঁদপুরে বাবাকে কুপিয়ে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ইমরান হোসেন
ছবি: প্রথম আলো

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় পারিবারিক কলহের জেরে চেরাগ আলী (৭৫) নামের এক ব্যক্তিকে দা দিয়ে মাথা, চোখ ও কানে কুপিয়ে হত্যার দায়ে তাঁর ছেলে ইমরান হোসেন ওরফে আকবরকে (৪০) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে চাঁদপুরের জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হক এই রায় ঘোষণা করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, ২০২০ সালের ১৯ জানুয়ারি সন্ধ্যা সাতটার দিকে নিজ বাড়িতে কথা-কাটাকাটির একপর্যায়ে ইমরান ধারালো দা দিয়ে তাঁর বাবা চেরাগ আলীর মাথা, চোখ ও কানে কুপিয়ে মারাত্মক আহত করলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। এ সময় ইমরানের মা ফুলমতি বেগম স্বামীকে বাঁচানোর চেষ্টা করলে তাঁকেও মেরে আহত করেন ইমরান। পরিবারের লোকজন ফুলমতি বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে শাহরাস্তি থানা-পুলিশ এসে চেরাগ আলীর লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে। ঘটনার পর ইমরান হোসেন বাড়ি থেকে পালিয়ে যান। ওই দিনই ইমরানের ছোট ভাই মো. সোলেমান বাদী হয়ে শাহরাস্তি থানায় হত্যা মামলা করেন।

মামলা দায়েরের পর ২১ জানুয়ারি তদন্তকারী কর্মকর্তা শাহরাস্তি থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. আনিছুর রহমান আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেন। এরপর ওই বছর ২ নভেম্বর তদন্ত শেষে তিনি আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) রণজিৎ রায় চৌধুরী বলেন, মামলাটি ৩ বছরের অধিক সময় চলা অবস্থায় আদালত ১০ জনের সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য ও মামলার নথিপত্র পর্যালোচনা শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক আসামির উপস্থিতিতে এই রায় দেন।