পাংশায় বোমা হামলার অভিযোগে বিএনপির ১৩ নেতা-কর্মীর নামে মামলা
রাজবাড়ীর পাংশায় যুবলীগ ও ছাত্রলীগের মিছিলে বোমা হামলার অভিযোগে উপজেলা বিএনপির সভাপতিসহ দলের ১৩ নেতা-কর্মীর নামে মামলা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ২০ জনকে। গতকাল শনিবার রাতে আকমল হোসেন (৪০) নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেন।
আকমল হোসেনের বাড়ি উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ি গ্রামে। তিনি যুবলীগের সক্রিয় কর্মী, দলীয় কোনো পদে নেই।
মামলার ১ নম্বর আসামি হলেন—পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান (৫৫)। অন্য আসামিরা হলেন—পাংশা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাসির উদ্দিন, পাংশা পৌর বিএনপির সাধারণ সম্পাদক রইচ উদ্দিন খান, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি লিয়াকত আলী, বিএনপির নেতা–কর্মী বিধান কুমার বিশ্বাস, রোকন খান, সেলিম সরদার, সবুজ সরদার, লিয়াকত আলী খান, শাহিদুল ইসলাম, আরিফ গাজী, পেনু মেম্বার, ফজলুল রহমান ও মো. জিলাল।
এ সম্পর্কে আজ রোববার দুপুরে পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, ‘বোমা হামলার অভিযোগে থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখছি। তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’
এজাহারে বলা হয়, বিএনপি ও এর সহযোগী সংগঠনের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে গতকাল বিকেলে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা মিছিল বের করেন। পাঁচটার দিকে পাংশা উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে মিছিল বের করা হয়। এটি পাংশা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নারায়ণপুর দ্বীপ অ্যাগ্রোফুডের সামনে পৌঁছালে মাগুরাডাঙ্গী কলেজের দিক থেকে আসামিরা লাঠিসোঁটা নিয়ে হামলা করেন। তাঁরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। এতে মামলার বাদী (আকমল) ও রাজীব (২৬) নামের আরেকজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ককটেলের অংশবিশেষ উদ্ধার করে।
চাঁদ আলী খান বলেন, ‘ঘটনার সময় আমি পাংশা শহরের দত্ত মার্কেটে একটি দরজির দোকানে ছিলাম। তা ছাড়া আপাতত আমাদের কোনো কর্মসূচিও নেই। আমাদের নামে মিথ্যা অভিযোগে মামলা করা হয়েছে। মামলার কথা শুনে রাতে বাড়িতে ছিলাম না। রাতে বাড়িতে পুলিশ গিয়েছিল।’
জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বলেন, ‘ঢাকায় ১০ ডিসেম্বরে মহাসমাবেশের কর্মসূচি সামনে রেখে আমাদের বিরুদ্ধে এই মিথ্যা মামলা দেওয়া হয়েছে। দলের নেতা-কর্মীরা এমনিতেই আতঙ্কের মধ্যে রয়েছে। এর মধ্যে এ ধরনের হামলা করার প্রশ্নই আসে না।’