গাইবান্ধায় ভিজিএফের চালের দাবিতে এক ঘণ্টা সড়ক অবরোধ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ভিজিএফ কর্মসূচির চাল না পেয়ে সড়ক অবরোধ করেছেন স্থানীয় লোকজন। আজ সোমবার দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের মহদিপুর ইউনিয়নের ঠুটিয়াপাকুর বাজার এলাকায় এই কর্মসূচি পালিত হয়। এ সময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজট তৈরি হয়।
বিক্ষোভকারী ব্যক্তিরা বলেন, দুই দিন আগে মহদিপুর ইউনিয়ন পরিষদ থেকে চালের স্লিপ দেওয়া হয়। সেই স্লিপ নিয়ে দরিদ্র লোকজন আজ সকালে ইউপি কার্যালয়ে চাল আনতে যান। সেখানে সকাল থেকে অপেক্ষা করেন তাঁরা। দুপুরে তাঁদের জানানো হয়, চাল আর নেই। এ সময় উপস্থিত কয়েক শ মানুষের কাছে স্লিপ থাকলেও তাঁরা চাল না পেয়ে বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন।
খবর পেয়ে পলাশবাড়ী থানার পুলিশের একটি দল এবং পলাশবাড়ী উপজেলা জামায়াতের আমির ও কিশোরগাড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক ঘটনাস্থলে গিয়ে তাঁদের আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেন বিক্ষোভকারী ব্যক্তিরা। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
মহদিপুর ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, মহদিপুর ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র জনগোষ্ঠীর জন্য ভিজিএফ কর্মসূচির ৫২ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। ইউনিয়নবাসীর মধ্যে দরিদ্র মানুষদের প্রত্যেককে ১০ কেজি করে চাল দেওয়ার জন্য নির্দেশনা আছে। সেই অনুসারে ৫ হাজার ২০০ জনের মধ্যে স্লিপ বিতরণ করা হয়।
মহদিপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদুল সরকার বলেন, ৫ হাজার ২০০ জনকে ১০ কেজি করে চাল দেওয়া হয়। কিন্তু তারপরও স্লিপ নিয়ে লোকজন আসতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে তাৎক্ষণিক এক ব্যবসায়ীর কাছ থেকে অতিরিক্ত চাল কিনে ৭৭৪ জন স্লিপধারীকে দেওয়া হয়। এরপরও বিপুলসংখ্যক লোক স্লিপ নিয়ে চাল নিতে আসেন। ইউপি চেয়ারম্যান অভিযোগ করে বলেন, ‘বিতরণের পর আসা স্লিপগুলো নকল। একটি মহল হুবহু স্লিপ তৈরি করে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’
পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের সরকার বলেন, সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ভুক্তভোগী ব্যক্তিরা অভিযোগ দিয়েছেন। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।