‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইতিহাসের মহাকাব্য’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বরিশাল ১৯৭১: উত্তাল মার্চের কথা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ইতিহাস সম্মিলনী বরিশাল বিভাগীয় কমিটি। শুক্রবার বিকেলে তোলা
ছবি: প্রথম আলো

বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর বরিশাল বিভাগীয় কমিটির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ‘বরিশাল ১৯৭১: উত্তাল মার্চের কথা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেছেন, ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ ছিল ইতিহাসের মহাকাব্য। এই ভাষণ আমাদের স্বাধীনতা ও মহান মুক্তিসংগ্রামের এক অনন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।

শুক্রবার বিকেলে বরিশাল ইনফরমেশন টেকনোলজি কলেজ অডিটরিয়ামে ওই আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এম অহিদুজ্জামান।

প্রধান অতিথির বক্তৃতায় এম অহিদুজ্জামান বলেন, ৭ মার্চের বক্তব্য অন্যতম শ্রেষ্ঠ ভাষণ। গোটা জাতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ শোনার জন্য অধীর অপেক্ষায় ছিল। পাকিস্তানি জান্তারা বাধ্য হয়ে তাঁর ভাষণ বেতারে প্রচার করতে বাধ্য হয়েছিল। ৭ মার্চের ভাষণের পরই স্থানীয় পর্যায়ে মুক্তিযোদ্ধারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছিলেন।

এম অহিদুজ্জামান বলেন, মুক্তিযুদ্ধের স্থানীয় পর্যায়ে যাঁরা নির্যাতিত-নিপীড়িত হয়েছেন, বীরাঙ্গনা হয়েছেন, তাঁদের স্বীকৃতি দিতে হবে। তিনি তাঁর গ্রামের গণহত্যার শিকার পরিবারের কাহিনি তুলে ধরেন সভায়।

এম অহিদুজ্জামান আরও বলেন, বঙ্গবন্ধু সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ভিত্তি নিজ হাতেই গড়ে দিয়েছিলেন। তিনি কৃষিসহ সব বিষয়ে সার্বিক উন্নয়নের ভিত্তি গড়ে যান। বঙ্গবন্ধু তাঁর দ্বিতীয় বিপ্লবের কর্মসূচিতে দুর্নীতির বিরুদ্ধে তীব্র অবস্থান ব্যক্ত করেছিলেন। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে হলে সম্পদ পাচার বন্ধ করতে হবে। স্বাধীন বাংলাদেশের ইতিহাসকে সব কলেজ–বিশ্ববিদ্যালয়ে পড়াতে হবে। প্রকৃত ইতিহাসকে নতুন প্রজন্ম এবং তরুণদের জানাতে হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে নবম সেক্টরের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ জি কবীর ভুলু যুদ্ধদিনের স্মৃতিচারণা করেন। তিনি তরুণ মুক্তিযোদ্ধার দেশ স্বাধীন করার তীব্র আকাঙ্ক্ষার গল্প শোনান। তাঁর ওপর পাকিস্তানি বাহিনীর অত্যাচারের কাহিনি উপস্থিত শ্রোতাদের আপ্লুত করে।

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘স্বাধীনতার সুফলকে মানুষের দোরগোড়ায় পৌঁছাতে না পারলে আমরা ব্যর্থ হয়ে যাব।’
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইতিহাস সম্মিলনী কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনিরুজ্জামান শাহিন। তিনি বলেন, বাংলাদেশ ইতিহাস সম্মিলনী অসাম্প্রদায়িক ও গণমুখী ইতিহাস চর্চা করে। এ সংগঠন মুক্তিযুদ্ধের ইতিহাসকে জনমানুষের কাছে তুলে ধরতে চায়। সম্মিলনী এ ধরনের জেলা পর্যায়েও করা হবে।

অধ্যাপক অলিউল ইসলামের সভাপতিত্বে এবং সরকারি ব্রজমোহন কলেজের সহযোগী অধ্যাপক মো. গোলাম মোর্শেদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর সহসম্পাদক আবুল বাশার, নাজিরপুর ইউনাইটেড কলেজের শিক্ষক লুলু আল মারজান, বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক মো. আশ্রাফুল হাসান, পটুয়াখালী জেলা সম্মিলনীর সভাপতি নজমুল আলম, ঝালকাঠি জেলা সম্মিলনী সভাপতি আবদুর রাজ্জাক হাওলাদার প্রমুখ।

‘বরিশাল ১৯৭১: উত্তাল মার্চের কথা’ শীর্ষক আলোচনা সভায় বরিশালের বিভিন্ন কলেজের শিক্ষক, সুধীজন ও বীর মুক্তিযোদ্ধারা অংশ নেন।