নারায়ণগঞ্জে রেলের জায়গা থেকে শতাধিক স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথের নারায়ণগঞ্জ শহরে অবৈধভাবে গড়ে ওঠা দোকানসহ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমান আদালত। আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়
ছবি: প্রথম আলো

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথের নারায়ণগঞ্জ এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানসহ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের ২ নম্বর রেলগেট এলাকা থেকে চাষাঢ়া পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

বাংলাদেশ রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মো. সফি উল্লাহ এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া খানমের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেট এলাকা থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথের দুই পাশে গড়ে ওঠা থানকাপড়ের দোকানপাটসহ অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালান রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা। তাঁরা দুটি ভেকু দিয়ে রেলওয়ের দুই পাশের টিনশেডের তৈরি দোকানপাটসহ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেন। অভিযানকালে রেলওয়ের বিপুলসংখ্যক পুলিশ উপস্থিত ছিল।

রেলওয়ে চাষাঢ়া স্টেশনের মাস্টার খাজা সুজন প্রথম আলোকে বলেন, ডাবল লাইনের কাজের মালামাল রাখার জন্য রেলওয়ের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

রেলওয়ে নারায়ণগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান বলেন, সকাল থেকে রেললাইনের দুই পাশে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

এ বিষয়ে রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথের ডাবল লাইন প্রকল্পের কাজের মালামাল আসবে। এ কারণে রেললাইনের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

উল্লেখ্য, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা থেকে গেন্ডারিয়া অংশে তিনটি পৃথক রেললাইনের নির্মাণকাজ চলমান। কাজটি দ্রুত শেষ করার লক্ষ্যে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী সব ট্রেন ৪ ডিসেম্বর সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। প্রকল্পের কাজ শেষ হলে দ্রুত এই লাইনে পুনরায় ট্রেন চলাচল শুরু হবে বলে রেলওয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়।