সিলেটে মা-বাবাকে হত্যা মামলায় ছেলের মৃত্যুদণ্ড
সিলেটে মা-বাবাকে হত্যার মামলায় ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত আতিক হোসেন খান ওরফে আতিকুর রহমান ওরফে রাহেল (৩৫) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সুনামপুর গ্রামের আবদুল করিম খানের ছেলে। আজ বৃহস্পতিবার সকালে সিলেটের সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় দেন। রায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এর আগে জমিজমা ও গাছকাটা নিয়ে বিরোধের জেরে ২০২০ সালের ২৭ মার্চ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সুনামপুর গ্রামের আবদুল করিম খান (৬০) ও তাঁর স্ত্রী মিনারা বেগমকে (৫০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় এই দম্পতির ছেলে দেলোয়ার হোসেন বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় হত্যা মামলা করেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২৭ মার্চ বাড়ির সামনের গাছ কাটতে যান আতিকুর রহমান। সে সময় তাঁর মা–বাবা বাধা দিলে বাগ্বিতণ্ডার জেরে আতিকুর রহমান উত্তেজিত হয়ে হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে মা ও বাবাকে কোপান। এতে ঘটনাস্থলেই বাবা আবদুল করিম মারা যান। আহত অবস্থায় মিনারা বেগমকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পর মিনারার মৃত্যু হয়। এ ঘটনায় এই দম্পতির আরেক ছেলে বাদী হয়ে মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা সিলেটের গোলাপগঞ্জ থানার উপপরিদর্শক পিন্টু সরকার ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি আতিকুর হোসেন খানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
সিলেট জেলা দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি নিজাম উদ্দিন বলেন, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
এদিকে আসামি পক্ষের আইনজীবী মো. ইকবাল হোসেন বলেন, এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।