নেপাল ও ভুটানের বিচারপতিদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে প্রধান বিচারপতির শ্রদ্ধা

নেপাল ও ভুটানের বিচারপতিদের সঙ্গে নিয়ে বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে নেপাল ও ভুটানের বিচারপতিদের সঙ্গে নিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আজ শুক্রবার বেলা ১১টার দিকে শ্রদ্ধা নিবেদন করেন তাঁরা।

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন বিচারপতিরা।

এ সময় নেপালের প্রধান বিচারপতি বিসম্ভর প্রসাদ শ্রেষ্ঠা, ভুটানের প্রধান বিচারপতি লবজং রিনজিন এয়ারগি, গোপালগঞ্জের জেলা দায়রা জজ মো. কামরুল হাসান, নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক মো. হায়দার আলী খন্দকার, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাহাদত হোসেন, গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আল বেলী আফিফাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান গণমাধ্যমকর্মীদের বলেন, ‘ভুটান ও নেপাল স্বাধীনতাসংগ্রামের সময় আমাদের অভূতপূর্ব সাহায্য করেছে। দুই দেশের বিচারব্যবস্থায় একটু বৈসাদৃশ্য থাকলেও অনেকাংশে মিল আছে। তাঁরা যে বঙ্গবন্ধুর সমাধিসৌধ দেখার জন্য যে আগ্রহ দেখিয়েছেন, তা আমাদের জন্য সত্যিই গর্বের।’