রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪৪ জন

রাজশাহী বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদনের সময়সীমা গত রোববার শেষ হয়েছে। এবার ৩টি ইউনিটে কোটাবাদে ৩ হাজার ৯০৪টি আসনের বিপরীতে মোট ১ লাখ ৭৩ হাজার ১১৭টি আবেদন জমা পড়েছে। এ হিসেবে প্রতিটি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪৪ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী।

গতকাল মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে জানান, এবার এ ইউনিটে ৬৯ হাজার ৫২৭টি, বি ইউনিটে ৩২ হাজার ৬১৪টি এবং সি ইউনিটে ৭০ হাজার ৯৭৬টি আবেদন জমা পড়েছে। কোটাবাদে মোট আসন ৩ হাজার ৯০৪টি।

এর আগে গত ৮ জানুয়ারি ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হয়। নির্ধারিত সময়ে প্রাথমিক আবেদন জমা পড়েছিল ৩ লাখ ৫৬ হাজারের বেশি। এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে যাচাই-বাছাই শেষে ২৬ জানুয়ারি থেকে চূড়ান্ত আবেদন শুরু হয়। মোট চার দফায় এই আবেদন প্রক্রিয়া গত রোববার শেষ হয়েছে।
ভর্তি পরীক্ষার সময়সূচি

এবার তিন ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ৫ মার্চ সি ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপর ৬ মার্চ এ ইউনিট (মানবিক) ও ৭ মার্চ বি ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষা সকাল ৯টা থেকে ১০টা, বেলা ১১টা থেকে দুপুর ১২টা, বেলা ১টা থেকে ২টা এবং বেলা সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মোট চার পালায় অনুষ্ঠিত হবে।

এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের ১ ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় প্রতি ইউনিটে ৮০টি প্রশ্ন থাকবে। প্রতি চারটি ভুলের জন্য ১ নম্বর কাটা যাবে। ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০।

পরীক্ষাকক্ষে কোনো ধরনের ইলেকট্রনিকস ডিভাইস (মুঠোফোন, ক্যালকুলেটর, হেডফোন, মেমোরিযুক্ত ঘড়ি ইত্যাদি) সঙ্গে রাখা যাবে না বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

ফলাফল, ভর্তি ও ক্লাস কবে

২০২৪ সালের ২৫ মার্চের মধ্যে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। ভর্তি চলবে আগামী ১০ মে থেকে ২০ জুন পর্যন্ত। এ ছাড়া ১ জুলাই থেকে ক্লাস শুরু। এ ছাড়া ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রযোজ্য শর্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানা যাবে।