গোপালগঞ্জে ইমাম হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

গোপালগঞ্জে মসজিদের ইমাম ওয়াদুদ খান ওরফে জিন্নাত খান হত্যা মামলায় তিন আসামির যাবজ্জীবন ও দুই আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার অপর ১২ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

আজ বুধবার দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মো. আব্বাস উদ্দীন এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তিনজন হলেন হায়দার মোল্যা (৬২), ইউনুস মোল্যা (৩৫) ও হিটলার মোল্যা (৩২)। একই সঙ্গে এই তিনজনকে ৫০ হাজার করে জরিমানা করা হয়েছে। আসামি আক্তার মোল্যাকে (২৭) এক বছরের সশ্রম কারাদণ্ড ও সাগর মোল্যাকে (৩০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বাদীপক্ষে মামলা পরিচালনা করেন সহকারী কৌঁসুলি মো. শহিদুজ্জামান খান ও আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী ফজলুল হক খান ও মো. আবু তালেব শেখ। ফজলুল হক খান বলেন, আসামিরা ন্যায়বিচার পাননি। তাঁদের পক্ষে আপিল করার সুযোগ আছে। আসামিদের স্বজনদের সঙ্গে কথা বলে আপিল করা হবে।

মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের চাওচা পূর্বপাড়া গ্রামে ২০১৬ সালের ৮ জুলাই সকালে চাওচা পূর্বপাড়া জামে মসজিদের ইমাম ওয়াদুদ খান তাঁর বাড়ির পাশের পুকুরে মাছ ধরছিলেন। আসামিরা পুকুরের মালিকানা দাবি করে মাছ শিকারে বাধা দেন। এ সময় তাঁদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ওয়াদুদ খানকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। গুরুতর আহত অবস্থায় ওয়াদুদকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত ওয়াদুদ খানের ছেলে মো. আলীম খান বাদী হয়ে ১৭ জনকে আসামি করে মুকসুদপুর থানায় হত্যা মামলা করেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ১৭ জন আসামির নামে আদালতে অভিযোগপত্র জমা দেন। দীর্ঘ শুনানির পর আদালত এই রায় ঘোষণা করেন।