কেজিপ্রতি চালের দাম ৫ থেকে ৬ টাকা কমে গেছে: খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, জনগণকে স্বস্তি দিতে খোলাবাজারে বিক্রি (ওএমএস) ও খাদ্যবান্ধব কর্মসূচি চালু করা হয়েছে। ইতিমধ্যে কেজিপ্রতি চালের দাম পাঁচ থেকে ছয় টাকা কমে গেছে। আউশ ধান পুরোদমে বাজারে উঠলে চালের দাম আরও কমবে। এতে করে অবৈধ মজুতদার ও অসাধু ব্যবসায়ীরা চরম শিক্ষা পাবেন।
আজ বৃহস্পতিবার বিকেলে নওগাঁর সাপাহারে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির কার্যক্রম পরিদর্শনের পর খাদ্যমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, দেশের ৫০ লাখ হতদরিদ্র ব্যক্তিকে ১৫ টাকা কেজি দরে প্রতি মাসে ৩০ কেজি চাল দেওয়া হচ্ছে। সপ্তাহে পাঁচ দিন এ কার্যক্রম চালু থাকবে। এ ছাড়া সারা দেশে ২ হাজার ৩৭০ জন ডিলারের মাধ্যমে ওএমএসের চাল বিতরণ কার্যক্রম চালু রয়েছে। পাঁচ কেজি করে মাসে দুবার চাল কিনতে পারবে সাধারণ মানুষ।
সাধন চন্দ্র মজুমদার আরও বলেন, চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে এখন প্রত্যেক ডিলারকে দুই টন করে চাল বরাদ্দ দেওয়া হচ্ছে। আগে ডিলাররা এক টন চাল বরাদ্দ পেতেন। এ কার্যক্রমের ফলে চালের বাজার থেকে অন্তত চার কোটি মানুষ সরে আসবেন। ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচি চালুর ফলে ইতিমধ্যে চালের দাম কমতে শুরু করেছে।
মন্ত্রী বলেন, ‘বাজার নিয়ন্ত্রণে আমাদের স্ট্রং মনিটরিং ব্যবস্থা রয়েছে। বিভাগীয় কমিশনার, ডিসি, ইউএনও, পুলিশ, গোয়েন্দা সংস্থাসহ আমাদের সব কর্মকর্তা এ মনিটরিং কার্যক্রমে নিয়োজিত আছেন। কারও বিরুদ্ধে অবৈধভাবে খাদ্যপণ্য মজুত করে বাজার অস্থিতিশীল করার প্রমাণ পেলে কঠোর শাস্তির আওতায় আনা হবে।’
এ সময় সাপাহার উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল মামুন, সাপাহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বিনয় কুমারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।