ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের হাজতির মৃত্যু
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে হৃদ্রোগে আক্রান্ত হয়ে রাজাবালী (৪৪) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত ৯টার দিকে অসুস্থ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রাজাবালী ফুলবাড়িয়া উপজেলার শ্রীপুর গ্রামের বাসিন্দা। তিনি একটি হত্যা মামলার আসামি ছিলেন।
রাজাবালীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হাসপাতালটির পুলিশ ক্যাম্পের ইনচার্জ সফিক উদ্দিন বলেন, হাসপাতালে আনার আগেই রাজাবালী মারা যান।
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মো. আমিরুল ইসলাম বলেন, রাজাবালী হার্টের (হৃদ্রোগ) রোগী ছিলেন। গতকাল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে কারা হাসপাতালে তাঁকে চিকিৎসা দেওয়া হয়। তবে সেখানে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। রাজাবালী ২০২০ সাল থেকে কারাগারে ছিলেন। তাঁর মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।