‘আমাগো মতো গরিব মাইনষের লাইগ্যা শখ-আহ্লাদ থাকন নাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২২ বছর ধরে পথে পথে ডাবলি বুট বিক্রি করেন খাইরুল ইসলাম
ছবি: প্রথম আলো

রাত ঘনিয়ে আসছে। রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। গাজীপুরের কাপাসিয়া বাজার পুরাতন বাসস্ট্যান্ড মোড়ে ডাবলি বুট নিয়ে ক্রেতার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন এক ব্যক্তি। চল্লিশোর্ধ্ব ওই ব্যক্তির নাম খাইরুল ইসলাম। ঘড়ির কাঁটায় সময় তখন প্রায় সাড়ে ১০টা। বিভিন্ন প্রয়োজনে তখনো যাঁরা বাড়ির বাইরে আছেন, তাঁদের হাঁটাচলাতেও ঘরে ফেরার ব্যস্ততা। তবে এর মধ্যে ব্যতিক্রম খাইরুল।

খাইরুল জানালেন, বেলা দুইটা থেকে তিনি একইভাবে রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন। তাঁর সামনে লোহার তৈরি একটি স্ট্যান্ড। এর ওপর ডাবলি বুটের গামলা। ক্রেতার জন্য দিনভর হাঁকডাক করে খাইরুল তখন ক্লান্ত। তাই এখন আর হাঁকডাক নেই। দাঁড়িয়ে আছেন অনেকটা নিষ্ক্রিয়ভাবে। ক্রেতা এলেই তখন বুট বিক্রি করছেন।

এই অলস সময়ে আলাপ জমে তাঁর সঙ্গে। খাইরুলের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়। স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলেকে নিয়ে মোট পাঁচ সদস্যের পরিবার। তবে খাইরুলের পরিবার থাকেন গফরগাঁওয়ে। আর খাইরুল গাজীপুরের কাপাসিয়ায় একটি মেসে ভাড়া থাকেন। হেঁটে হেঁটে ডাবলি বুট বিক্রি করে খাইরুলের সংসার চলে। এর মধ্যে কোনো কারণে ডাবলি বিক্রি না হলে বা বাসা থেকে বের হতে না পারলে বেকায়দায় পড়তে হয় তাঁকে।

আলাপে আলাপে উঠে এল খাইরুলের সংগ্রামের গল্প। সম্প্রতি নিত্যপ্রয়োজনীয় সব জিনিসের দাম বেড়ে যাওয়ায় সংসারের খরচ চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন খাইরুল। এসব বলতে গিয়ে কখনো তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন, কখনো দীর্ঘশ্বাস ছাড়ছিলেন।

প্রতিদিন দুপুরে এক গামলা ডাবলি বুট নিয়ে বেরিয়ে পড়েন রাস্তায়। সব বুট বিক্রি শেষ না হওয়া পর্যন্ত বাইরেই থাকেন তিনি। প্রতিদিন বুট বিক্রি করে তাঁর আয় হয় ৬০০ থেকে ৭০০ টাকা। এই আয় দিয়ে সন্তানের পড়াশোনা ও সংসারে অন্যান্য খরচ চলে।

খাইরুল বলেন, ‘বড় মেয়েটা ক্লাস নাইনে পড়ে। প্রতি মাসে খাতা-কলম, স্কুলের খরচসহ প্রাইভেটের ট্যাকা দেওন লাগে। পাশাপাশি সংসার খরচের জন্য প্রতি মাসেই বাড়িতে ট্যাকা পাঠান লাগে। এর মাঝে কোনো মাসে ব্যবসা ভালো হইলে ঠিকমতো ট্যাকা দিতে পারি। কোনো কারণে বেচাবিক্রি না হইলে বা অন্য কোনো কারণে ঘর থেইক্যা বের হইতে না পারলেই বিপদে পড়তে হয়। তখন সংসার, সন্তানের লেখাপড়ার খরচ নিয়া পড়তে হয় বিপদে।’

প্রায় ২২ বছর ধরে খাইরুল পথে পথে ডাবলি বুট বিক্রি করেন। তবে দীর্ঘ এই পথ পাড়ি দিয়ে এসে এখন তিনি হতাশ। আগামী দিনগুলো কীভাবে যাবে, তা নিয়ে তিনি চিন্তিত। খাইরুল বলেন, ‘এই ব্যবসার কোনো ভবিষ্যত নাই। যত দিন পা চলব, শরীরে শক্তি থাকব, তত দিনই চইল্যা ফিরা খাইতে পারমু। দিন দিন শরীরের অবস্থা খারাপ হইতাছে। এহন আর আগের মতো হাঁটতে পারি না। বেশির ভাগ সময়ই এক জায়গায় দাঁড়ায় থাকি। কিছুদিন পর আরও পারমু না। তখন যে কী হইব, পরিবার নিয়া কেমনে বাঁচমু, সেই চিন্তাতেই বাঁচি না।’

কথা বলতে বলতে রাত ১১টা বেজে গেল। খাইরুলের বুট বিক্রিও প্রায় শেষ। বাসায় যাওয়ার জন্য সবকিছু গোছানো শুরু করলেন। এর আগে আক্ষেপের সুরে বললেন, ‘আমাগো মতো গরিব মাইনষের লাইগ্যা শখ-আহ্লাদ থাকন নাই। আমি প্রতি সপ্তাহে স্ত্রী-সন্তানের কাছে যাই। কয় দিন ধইর‌্যাই ছোড মাইয়্যাডা কইতাছে ঘুরতে নিয়া যাইতে, কিন্তু আমি কোনো কথা দিতে পারি নাই। ঘুরতে গেলে ট্যাকা লাগব। বাচ্চা এইড্যা-ওইড্যা খাইতে চাইব। কিন্তু আমার দ্বারে তো ট্যাকা নেই। হেললাইগ্যা বাড়িত যাই-ই না।’